ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন আবুল হায়াত, তাও আবার কুসুম শিকদারকে বিয়ে করার জন্যে। ইকবাল হোসেন চৌধুরীর রচনায় এমনই গল্প নিয়ে দীপংকর দীপন নির্মাণ করছেন নাটক ‘তমিজ উদ্দীন ডিগ্রী পাশ’।

নাটকটির গল্পে দেখা যাবে, তরুণ বয়সে আবুল হায়াত ও কুসুম সিকদারের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। কিন্তু বিয়ে করার জন্য আবুল হায়াতকে ডিগ্রি পাশ করার শর্ত জুড়ে দেয় প্রেমিকা কুসুম শিকদার। কিন্তু কিছুতেই ডিগ্রি পাশ করতে পারেন না তিনি। তাই বলে হাল ছাড়ার পাত্র নন আবুল হায়াত। এভাবে প্রতি বছর পরীক্ষা দিতে দিতে এক সময় জীবনের শেষ সীমায় এসে পৌঁছান তিনি।

নাটকটি নির্মাণ প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, ‘শুধু প্রেম কিংবা হাসির নাটক কখনো নির্মাণ করিনি। আমার নাটকে প্রেম ও হাসি দুটোই ভালোভাবে থাকে কিন্তু কখনও সেগুলোকে মূল করে তুলতে মন টানেনা। তাই প্রেম আর হাসির নাটকের বাইরে গিয়ে একটি অন্যরকম নাটক নির্মাণ করেছি।’

সম্প্রতি ঢাকার কালিগঞ্জে আবুল হায়াত ও কুসুম সিকদারের অংশের চিত্রধারণের কাজ শেষ হয়েছে।

আগামী রোজার ঈদে ‘তমিজ উদ্দীন ডিগ্রী পাশ’ নাটকটি একটি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার করা হবে।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই