শাহরুখ খান ও দিপিকা পাড়ুকোন অভিনীত নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ‘মানওয়া লাগে’ গানটি ভাইরাল হয়ে গেছে। প্রকাশিত হওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ে ইউটিউবে গানটি দেখেছেন ১০ লাখ মানুষ।

সংগীত পরিচালক জুটি ভিশাল-শেখরের সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। গানটিতে মূলত সিনেমায় শাহরুখ খান এবং দিপিকা পাড়ুকোনের প্রেমের বিষয়টি তুলে ধরা হয়েছে। যদিও সিনেমার অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর অভিনেতা অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি এবং ভিভান শাহ গানে উপস্থিত রয়েছেন।গানের আরেকটি উল্লেগযোগ্য বিষয় হচ্ছে এইট প্যাক সম্বলিত শাহরুখ খানের নিজের সুঠাম দেহের প্রদর্শন।

সিনেমার প্রথম গান ‘ইন্ডিয়াওয়ালে’ তেমন একটা সাড়া ফেলতে না পারলেও এই গানটির এতটা দর্শকপ্রিয়তা পাওয়ার পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে পর্দায় শাহরুখ ও দিপিকার চমৎকরা রসায়নকে।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়ার কাছে গানটিকে “শান্তি ও ভালোবাসার নরম হাওয়া” বলে অভিহিত করেছেন সংগীত পরিচালক ভিশাল-শেখর। সেই সঙ্গে, গানটির সাফল্যের জন্য ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পরিচালক ফারাহ খান, অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী দিপিকা পাড়ুকোনকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, “শাহরুখ ও দিপিকা অভিনয় নৈপুন্যে নিজেদের ছাড়িয়ে গেছেন।”

মানওয়া লাগে গানটি ইউটিউবে প্রকাশ করা হয় ৯ই সেপ্টেম্বর। এ রিপোর্টটি লেখা পর্যন্ত গানটি দেখা হয়েছে ১৮ লাখ ২৫ হাজার ৬শ’ ৪৫ বার।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই