চ্যানেল আই এর মেধা প্রতিযোগিতা অনুষ্ঠান সেরা নাচিয়ের এবারের পর্বের চ্যাম্পিয়ন হয়েছেন ইভানা। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে এ ঘোষণা দেওয়া হয়।
এছাড়া দর্শকদের ভোট আর বিচারকদের রায়ে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইভান ও মিমু। সেরা নাচিয়ে নির্বাচনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মেহের আফরোজ শাওন। এটি ছিল দ্বিতীয় বারের মতো সেরা নাচিয়ের আয়োজন।
চ্যাম্পিয়ন ইভানা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্রান্ড নিউ গাড়ি এবং ডায়মন্ডের মুকুট। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় জন পেয়েছেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ ও তিন বিচারক।
গ্রান্ড ফিনালের চূড়ান্ত লড়াইয়ে ছিলো মিমু, ইভানা, তন্দ্রা, ইভান, নাঈম, প্রিতম, প্রজ্ঞা, অ্যাথিনা, প্রিয়াংকা, শাহেদ, মিতিল, রোজা ও সীজা।
প্রতিযোগীদের ব্যক্তিগত ও দলীয় নাচের পাশাপাশি অনুষ্ঠানে আরো বেশ কিছু নাচের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, শাওন, ফেরদৌস, মুনমুন আহমেদ এবং গতবছরের সেরা নাচিয়ে প্রতিযোগিতার শীর্ষস্থান অধিকারীরা।
ইজাজ খান স্বপনের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আই সেরা নাচিয়ে উপস্থাপনা করেন তানিশা।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]