মোশাররফ করিম অভিনীত ‘ভূগোল’টেলিছবিটির কথা মনে আছে নিশ্চয়ই। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় এটি প্রায় পাঁচ বছর আগে প্রচার হয়েছিলো দেশ টিভিতে। সেই ‘ভূগোল’নিয়ে কলকাতায় তৈরি হচ্ছে মঞ্চনাটক। এটি মঞ্চে আনছে নাট্যদল চন্দননগর থিয়েটার। নির্দেশনা দিচ্ছেন সুচারু দাস।

আগামী ৯ আগস্ট সন্ধ্যায় কলকাতার চন্দননগর রবীন্দ্রভবন মঞ্চে এর প্রদর্শনী হবে।

কচি খন্দকার বলেন, ‘বছরখানেক আগে নাটকটি মঞ্চায়নের জন্য ওরা আমার কাছে অনুমতি চায়। যেহেতু এটি একটি দর্শকপ্রিয় কাজ, তারা মঞ্চায়ন করার আগ্রহ প্রকাশ করছে- তাই অনুমতি দিয়ে দিই। নাটকটি মঞ্চ উপযোগী করে গত ৭-৮ মাস ধরে দলটি মহড়া করছে।’

নিজের নাটক মঞ্চে দেখার জন্য আগামী ৭ আগস্ট কলকাতায় যাবেন মোশাররফ করিম ও কচি খন্দকার। সঙ্গে থাকছেন নির্মাতা জীবন শাহাদাত।

কচি বললেন, ‘খবরটি শুনে মোশাররফ করিম খুবই খুশি হয়েছে। সামনাসামনি বসে নাটকটি দেখার আগ্রহ প্রকাশ করেছে সে।’

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ