তিন এক্কে তিন। হ্যাটট্রিক করে ফেললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর সৌজন্যে আসন্ন চলচ্চিত্র ছোটদের ছবি। যা জায়গা করে নিল ৪৫তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। চলতি মাসের ২০ তারিখ থেকে গোয়ায় শুরু হচ্ছে এই উৎসব। চলবে ৩০ তারিখ পর্যন্ত।

এর আগে ২০১২ সালে কৌশিকের পরিচালনায় আরেকটি প্রেমের গল্প ও ২০১৩ সালে অপুর পাঁচালী জায়গা পেয়েছিল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। ছোটদের ছবি-র এন্ট্রিয়া কৌশিকের মুকুটে নয়া পালক যোগ করল। পাশাপাশি হ্যাটট্রিক করলেন পরিচালক।

আপাতত খাদ-এর সাফল্য উপভোগ করছেন কৌশিক। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাত্র দুটি ভারতীয় সিনেমা জায়গা পেয়েছে। ছোটদের ছবি তার মধ্যে একটি হওয়ায় আমার খুব ভালো লাগছে। এটা বিরাট সম্মানের। আমার কাছে এটা ন্যাশানাল অ্যাওয়ার্ডের থেকেও বেশি। আরেকটি প্রেমের গল্প ও অপুর পাঁচালী দুটোই সিলভার পিকক অ্যাওয়ার্ড পেয়েছিল। আমার মনে হয় এই ছবিটিও দর্শকদের হৃদয় ছুঁতে পারবে- খুশি ঝরে পড়ল পরিচালকের গলায়।

জন্মগতভাবে জিনের সমস্যা নিয়ে জন্মানোদের গল্প নিয়ে এগিয়ে চলে ছোটদের ছবি। সোমা ও খোকার দাম্পত্যের প্রতিটি পরতে জড়িয়ে থাকে ওদের জীবনধারণের বাস্তবিক সমস্যা। ভেঙ্কটেশ ফিল্মস-এর প্রযোজনায় তৈরি হওয়া ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

জেআই