গত কয়েক মাস যাবৎ হাঁটু নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে বলিউড কিং শাহরুখ খানকে। বারবার যন্ত্রণা ও ফুলে যাচ্ছিল তার হাঁটু। এতদিন কোনো রকমে তা নিয়ন্ত্রণে রাখতে পারলেও শেষ পর্যন্ত অন্ত্রপচার করাতেই হলো এ তারকাকে।
বৃহস্পতিবার (গত ২১ মে )মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে বাঁ-হাটুতে অরথ্রোস্কোপিক সার্জারি করা হয়েছে শাহরুখ খানের।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই হাঁটুতে সার্জারি হয় তার। শাহরুখের চিকিৎসক ডঃ সঞ্জয় দেশাই জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, শুক্রবারই শাহরুখকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আপাতত ৩-৪ দিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে এ অভিনেতাকে। এরপর তার হাঁটু পরীক্ষা করে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
কিছুদিন আগে হাঁটুতে ক্রেপ বেঁধে মজা করে টুইটারে নিজের ছবি দিয়ে শাহরুখ বলেছিলেন, তার মেয়ে দেখলে হয়তো বলবে, বাবা লেগিংস পরেছে। কিন্তু হাঁটুর চোটকে আর মজায় আটকে রাখতে পারলেন না বলিউড বাদশা।
এই সার্জারি মাধ্যমে হাঁটুর সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন শাহরুখের চিকিৎসক। এ তারকার ভক্ত-অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
কেএইচ





