ক্রিকেট পাগল ভারতে বলিউড সুপার স্টাররা একের পর এক আইপিএলে জড়িয়েছেন। তবে ক্রিকেট নয়, বলিউডের হার্টথ্রব হিরো রনবীর কাপুর বেছে নিয়েছেন ফুটবলকে। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলকে (আইসিএল) সামনে রেখে একটি দল কিনেছেন রনবীর। এককভাবে নয় অবশ্য, ভারতের বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিমল প্রকাশও রয়েছেন তার সঙ্গে। রনবীর তাদের দলের নাম দিয়েছেন মুম্বাই সিটি এফসি। শিগগিরই মুম্বাই ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন (এমডিএফএ)’র অধীনে দলটির নিবন্ধন করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিষয়ে এমডিএফএ’র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘নতুন এই দলটির মালিকদের পক্ষ থেকে ইতোমধ্যে চিঠি পেয়েছি আমরা। এমডিএফএ’র অধীনে দলটিকে নিবন্ধন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মালিকরা।’
অবশ্য, রনবীর যতো বড় তারকাই হোন না কেন, এমডিএফএ খুব সহজেই তার দলকে নিবন্ধন দিচ্ছে না। নতুন দল কেনা এবং তা চালানোর ব্যাপারে যাবতীয় পূর্বশর্ত পূরণ করতে হবে রনবীর ও বিমল প্রকাশকে। আর্থিক সামর্থ্য, অবকাঠামোগত সুবিধাদি ইত্যাদি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে এমডিএফএ যদি সন্তুষ্ট হয় কেবলমাত্র তাহলেই নিবন্ধন হবে মুম্বাই সিটি এফসি।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





