প্রতিবারই শীতে বিশেষ কনসার্টের আয়োজন করে অন্তর শোবিজ। আর এ বছরের বিশেষ কনসার্টে পারফরম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। সঙ্গে থাকছে জার্মানির রক ব্যান্ড স্করপিয়ন্স। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী।

এ প্রসঙ্গে স্বপন বলেন, ‘এতবড় আয়োজনের জন্য বিশাল প্রস্তুতি প্রয়োজন। তারা কবে আসছেন আর পাশাপাশি অনুষ্ঠানের ভেন্যু কোথায় হবে তা নিয়েও আলোচনা চলছে। সবকিছু চলতি মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে। তারপর সবাইকে জানানো হবে।’

৩৭ বছর বয়সী কণ্ঠশিল্পী শাকিরার গাওয়া ‘লা লা লা’ গানটি এবারের বিশ্বকাপে ঝড় তোলে। এর আগে ২০১০ বিশ্বকাপ ফুটবলে 'ওয়াকা ওয়াকা' গানটি পুরো বিশ্বকে নাচিয়েছে।

আর ষাটের দশকের বিখ্যাত রক ব্যান্ড ‘স্করপিয়ন্স’ পরিবেশিত ‘রক ইউ লাইক অ্যা হারিকেন’, ‘নো ওয়ান লাইক ইউ’, ‘সেন্ড মি অ্যান অ্যাঞ্জেল’, ‘স্টিল লাভিং ইউ’, ‘উইন্ড অব চেঞ্জ’ গানগুলো শ্রোতাদের মুগ্ধ করেছে প্রতিবার।

স্বপন চৌধুরী আরও বলেন, ‘এই আয়োজনের পাশাপাশি মিস ওয়ার্ল্ড ২০১৪ এর একটি প্রতিযোগিতাও বাংলাদেশে অনুষ্ঠিত হবে।’

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ