নকলের অভিযোগে বৃহন্নলার চলচ্চিত্র পুরস্কার বাতিল করেছে সরকার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ এর সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল বৃহন্নলা।
পুরস্কার প্রাপ্তির পর মুরাদ পারভেজ পরিচালিত এ চলচ্চিত্রের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠে। তারপর সমালোচনার শীর্ষে ছিল বৃহন্নলা।
অবশেষে এই অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা পুরস্কারটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
প্রয়াত লেখক সৈয়দ মুস্তফা সিরাজের ‘রানী ঘাটের বৃত্তান্ত’ গল্প অবলম্বনে নির্মাতা মুরাদ পারভেজ প্রথম ‘চন্দ্র গ্রহণ’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।
‘বৃহন্নলা’ সিনেমার গল্পও এ লেখকের ‘গাছটি বলেছিল’ অবলম্বনে নির্মিত হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় সেরা চলচ্চিত্র, সেরা কাহিনিকার ও সেরা সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত সব পুরস্কারই বাতিল করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে সরকারি অনুদানের চলচ্চিত্র বৃহন্নলা মুক্তি পায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে।
এটি ওই বছরই সেরা চলচ্চিত্র, সেরা কাহিনীকার এবং সেরা সংলাপ রচয়িতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করে।
সরকারি অনুদানে নির্মিত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের পুরস্কার বাতিল হওয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পথিকের ‘নেক্কাবরের মহাপ্রয়াণ’ হতে যাচ্ছে সেরা চলচ্চিত্র।
আর ‘মেঘমল্লার’ ছবির জন্য সেরা কাহিনিকার নির্বাচিত হতে যাচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস এবং একই সিনেমার জন্য জাহিদুর রহিম অঞ্জন পেতে যাচ্ছেন সেরা সংলাপ রচয়িতার পুরস্কার।
বহুল আলোচিত বৃহন্নলা চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, দিলারা জামান, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
এসএম





