শাহরুখ খান এবং কারান জোহারের সম্পর্কটা যে ভাল যাচ্ছে না, বেশ কিছুদিন ধরেই তার আঁচ পাওয়া যাচ্ছিল। এবার কারানের সিনেমার চিত্রনাট্য ফিরিয়ে দিয়ে বন্ধুত্ব যে আগের মত নেই তাই যেন প্রমাণ করলেন শাহরুখ।
এনডিটিভি বলছে, কারানের নতুন সিনেমায় কাজ করার কথা ছিল শাহরুখের। এই নির্মাতা-অভিনেতা জুটি এর আগে কাজ করেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলভিদা না কেহনা’ এবং ‘মাই নেম ইজ খান' সিনেমায়। কারান জোহার পরিচালিত পাঁচটি সিনেমার চারটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ।
কারানের ২০১২ সালের সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ অভিনয় না করলেও সহ-প্রযোজক ছিলেন কিং খান।
চলতি বছর কারান জোহারের উপস্থাপনায় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ কারান’-এ শাহরুখের অনুপস্থিতিই প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে নিয়ে আসে দুজনের সম্পর্কের টানাপড়েন। ওদিকে শাহরুখের দুই প্রতিদ্বন্দ্বী আমির এবং সালমান খান অনুষ্ঠানটিতে এবারই অংশ নেন প্রথমবারের মতো।
এছাড়াও কারানের বহুল আলোচিত সিনেমা ‘শুদ্ধি’র জন্য কিছুদিন আগেই ঘটা করে চুক্তিবদ্ধ করা হয়েছে সালমান খানকে। আর নাম ঠিক না হওয়া আরেক সিনেমার জন্য আগেই তিনি চুক্তি সেরে রেখেছিলেন আমির খানের সঙ্গে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





