নিপুনের সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে হারিয়ে গেছেন আবার অনেকেই অপেক্ষা করছেন হারিয়ে যাবার জন্য। কিন্তু নিপুন আছেন বহাল তবিয়তেই। সম্প্রতি সাংবাদিকদের সাথে রুপালী জগত নিয়ে কথা বলেছেন।                              
নিপুণ বর্তমানে কাজ করছেন জি সরকার পরিচালিত 'লাভ ২০১৪' ছবিতে। এ ছবিতে নিপুনের বিপরীতে কাজ করছেন শাকিব খান ও আমান রেজা।
এছাড়া তিনি সম্প্রতি কাজ করছেন বাপ্পারাজ পরিচালিত 'কার্তুজ' ছবিতে। কাজ শেষ হযেছে শাহ আলম কিরনের 'একাত্তুরের মা জননী'। ইসমত আরা শান্তি পরিচালিত 'মায়ানগর'। গাজী মাজহারুল আনোয়ারের 'আপোষহীন', মোহম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার'।
এপ্রিল মাস থেকে কাজ শুরু করবেন' থ্রি ইল্লিগাল' নামের আরো একটি ছবিতে।
এদিকে নিপুন অভিনীত ধারাবাহিক নাটক রেড সিগনাল শেষ হয়ে গেছে। রেড সিগনালের পর আর কোনো নতুন নাটকে চুক্তিবদ্ধ হননি নিপুন। এ ব্যাপারে নিপুন বলেন, ফিল্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কারণেই এখন আমার পক্ষে আর ধারাবাহিক নাটক করা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্ন বিশেষ দিবসে এক ঘন্টার নাটকগুলো অবশ্যই করবো। রেড সিগনালও করা হতো না যদি সেজান ভাই এতটা উদারতা না দেখাতেন আমার প্রতি।
মান্না, শাকিব খান থেকে শুরু করে বর্তমানের আমান, রোজ বা ইমনদের মতো নতুন নায়কদের সাথেও কাজ করছেন। নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, নতুনদের ব্যাপারে একটা বিষয় অবশ্যই বলতে হয় তারা কিন্তু অনেক ভালো কাজ করছে। ফলে চলচ্চিত্রের চেহারা খুব অল্পদিনেই পরিবর্তন হয়ে যাবে বলে আমি মনে করছি।
আপনার সমসাময়িক নায়িকাদের বেশিরভাগই মিডিয়া ছেড়ে চলে গেছে। এখন দেখা যাচ্ছে যে আপনিই একমাত্র সিনিয়র। এ ব্যাপারে আপনার মন্তব্য?
নিপুন বলেন, আসলে আমি কখনো একজনের উপর ডিপেন্ডেড ছিলাম না আর আমি শুধুমাত্র এক ধরনের কাজ করি নাই। কাজটা তখনই আপনি শিখবেন যখন ভ্যারাইটিজ কাজ করবেন। আর ডিফরেন্ট ডিফরেন্ট হিরোদের সাথেও আমি কাজ করে যাচ্ছি। যদিও আমার বেশি কাজ করা হয়েছে মান্না ভাইয়ের সাথে। মান্না ভাই মারা যাওয়ার পরে অনেকেই মনে করেছে আমি আর কাজ করতে পারবো না। কিন্তু আমান সম্রাটদের সাথেও কাজ করেছি। মাঝে মাঝে শাকিবের সাথেও কাজ করেছি। ফলে আমি কিন্তু এখনো রয়ে গেছি।
অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেও প্রধান অভিনেত্রী হিসেবে কোনো পুরস্কার পান নি?
এ প্রশ্ন শুনে হাসলেন নিপুন। বললেন দেখেন, আমি আসলে একবারে সবকিছু চাই না। আস্তে আস্তে ভাল কাজ করার মধ্য দিয়ে তা অর্জন করতে চাই। ভাল কাজ করে যেতে চাই। তার স্বীকৃতি মিলবেই।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই