ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে আরও এক নতুন নায়িকার। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে মিষ্টি জান্নাতের।

শুক্রবার মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে মিষ্টির বিপরীতে দেখা যাবে এ সময়ের ব্যস্ততম নায়ক বাপ্পী চৌধুরীকে।

অভিষেকের আনন্দ থাকলেও মিষ্টির দিন কাটছে ভীষণ উদ্বেগে। “প্রথম সিনেমা মুক্তি অবশ্যই খুশির ব্যাপার। কিন্তু এ সিনেমাটিই আমাকে চেনাবে দর্শকদের কাছে। দর্শকের প্রতিক্রিয়া দেখতে মুখিয়ে আছি আমি। সিনেমাটি কতটা ব্যবসাসফল হবে, এ চিন্তায় রাতের ঘুম পালিয়েছে আমার।”

মিষ্টির মতো সাফল্যের অপেক্ষায় নায়ক বাপ্পীও। “মিষ্টির সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা। আমাদের রসায়নটা দারুণ হয়েছে। সিনেমাটি কতটা ব্যবসাসফল হয়, তার প্রতীক্ষা করছি।”

পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের ৪৯তম সিনেমা ‘লাভ স্টেশন’। সিনেমাটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। “আর দশটি রোমান্টিক সিনেমা থেকে আলাদা ‘লাভ স্টেশন’। দুই তরুণ-তরুণীর প্রেমকে ভিন্ন আঙ্গিকে উপস্থানের চেষ্টা করেছি আমি। দর্শক অনেক নতুনত্ব পাবে।”

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই