প্রয়াত নাট্যাচার্য সেলিম আল-দীনের মঞ্চনাটক 'যৈবতী কন্যার মন' নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন নারগিস আক্তার। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এ ছবিতে অভিনয় করছেন অরুণা বিশ্বাস।
বলা যায়, এ ছবির মধ্য দিয়েই দীর্ঘদিন পরে চলচ্চিত্রে অভিনয় করছেন আশি ও নব্বই দশকের জনপ্রিয় এ নায়িকা। যাত্রার অভিনয় শিল্পীদের জীবনযাত্রা, সুখ দুঃখ, স্বপ্ন বেদনা, আশা আকাক্সক্ষা ফুটে উঠেছে এ সিনেমায়।
'যৈবতী কন্যার মন' ছবিতে অরুণা বিশ্বাস ছাড়াও আরও অভিনয়ে আছেন আহমেদ রুবেল, সুমাইয়া সাকী, কাজী শিলা, সাইফ খান, নিশো, পৃথুরাজ, ইমতু, রেজাউল করিম রেজা, সোহান খানসহ অনেকে।
এরই মধ্যে ছবির শুটিং অর্ধেকের বেশি হয়েছে। সরকারি অনুদানের 'যৈবতী কন্যার মন' ছবিতে অভিনয় প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, "আমি মাঝে কিছুটা সময় অভিনয় থেকে দূরে ছিলাম। এ ছবির মধ্য দিয়ে আবার অভিনয়ে ফিরলাম। আশা করছি ভাল একটি কাজের মধ্য দিয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে পারবো।" বর্তমানে ঈদের নাটক পরিচালনায় ব্যস্ত আছেন অরুণা বিশ্বাস। সেই সঙ্গে ছোটপর্দায় অভিনয়ও করছেন।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]