অনেকদিন পর আবারও পর্দায় দেখা যাবে একসময়ের আলোচিত চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও চিত্রনায়িকা শিমলাকে। নবাগত পরিচালক জুটি রাশেদ মোর্শেদ এবং শেখ শামীম পরিচালিত ‘ভালোবাসা সত্যি নয়’ সিনেমাতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তারা।
সম্প্রতি বিএফডিসিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার মহরত হয়ে গেল। সেখানেই সিনেমাটির পরিচালক রাশেদ মোর্শেদ বললেন, পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন তিনি।
সিনেমাটি নিয়ে বললেন, এইডস বিষয়ে সচেতনতা গড়ে তোলা এই সিনেমার একটি মুখ্য উদ্দেশ্য।
রাশেদ আরও বললেন, লন্ডনে পড়াশোনা করার সময় দেখেছেন, ইউরোপীয়রা নানাভাবে বাংলাদেশকে ‘কটাক্ষ’ করছে। রাশেদ তখন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। সে সময়ই তিনি সিদ্ধান্ত নেন, এমন সব সিনেমা নির্মাণের যেখানে দেশের কথা নানাভাবে ফুটে ওঠে।
সিনেমাটি নিয়ে শিমলা বলেন, “সিনেমাটির গল্প আমার ভালো লেগেছে। দেশের মানুষের জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাইছেন পরিচালক। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। এছাড়া অনেকদিন পর রুবেলের সঙ্গে কাজ করছি। ব্যাপারটি সত্যি ভিন্নরকম আর দারুণ কিছু হতে চলছে।”
রাশেদের প্রথম সিনেমা ‘ভালোবাসা সেন্টমার্টিনে’। সিনেমাটির মূল পরিচালক শহীদুল ইসলাম খোকন। খোকনের অসুস্থতা ও শাবনূরের বিদেশ গমনের কারণে সিনেমাটি শেষ করতে পারেননি পরিচালক। শাবনূর দেশে ফিরলেও এই সিনেমার নায়িকা হিসেবে আর ‘মানাবে না’ বলে সিনেমাটি নির্মাণ বন্ধ করে দিলেন তিনি।
রুবেল ও শিমলাকে নিয়ে ‘পৃথিবীর নিয়তি’ নামে রোমান্টিক ধাঁচের আরও একটি সিনেমা নির্মাণ করছেন বলে জানালেন। এই সিনেমার শুটিং প্রায় শেষের পথে।
‘ভালোবাসা সত্যি নয়’ এবং ‘পৃথিবীর নিয়তি’ সিনেমার সংগীত পরিচালনাও করছেন রাশেদ। তার গাওয়া গানও থাকছে দুটি সিনেমাতে।
শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘পাগলা ঘণ্টা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধা রুবেল ও শিমলা একসঙ্গে আরও অভিনয় করেছেন ‘তুষের আগুন’ ও ‘জমিদার’ সিনেমাতে।
জেআই





