৬ বছর বিরতির পর আসছে অস্ট্রেলীয় হার্ড রক ব্যান্ড এসি/ডিসির নতুন অ্যালবাম। সম্প্রতি শেষ হয়েছে অ্যালবামের রেকর্ডিং সেশন। তবে অ্যালবাম মুক্তির তারিখ এখনও জানা যায়নি।
তবে ব্যান্ডের গিটারিস্ট ম্যালকম ইয়াং অসুস্থতার কারণে এ অ্যালবামে কাজ করতে পারেননি। তার জায়গায় গিটার বাজিয়েছেন ম্যালকমের ভাইয়ের ছেলে স্টিভ ইয়াং।
চাচার মান ভালোই রেখেছেন জুনিয়র ইয়াং। কারণ ব্যান্ডের ভোকাল ব্রায়ান জনসন বেশ প্রশংসা করলেন তার।
“সে অসাধারণ। ম্যালকমের অনুপস্থিতি সে আমাদের একেবারেই বুঝতে দেয়নি। তবুও, এক সঙ্গে অনেকদিন ধরে কাজ করার পর ম্যালকমের সঙ্গে কিছু করার অভিজ্ঞতাটাই ভিন্ন। আমি জানি, সে ও ফিরে আসার চেষ্টা করছে। নিজের ব্যাপারে কাউকে কিছু না বললেও সে মানসিকভাবে অনেক শক্তিশালী। আমরা প্রার্থণা করছি সে ফিরে আসুক”।
ম্যালকম ইয়াং এর অসুস্থতা সম্পর্কে জনসন আরও বলেন, “সে তার অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তার অনুপস্থিতি সবসময়েই আমরা অনুভব করি”।
ম্যালকমকে ছাড়া এই প্রথম কোন অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছে ব্যান্ডটি। ২০০৮ সালে বের হওয়া সর্বশেষ অ্যালবাম ‘ব্ল্যাক আইস’ রিলিজ হবার ৬ বছর পর নতুন গানগুলোর রেকর্ডিং শেষ হলো।
মার্কিন পাক্ষিক রোলিং স্টোনকে জনসন আরও জানান, অ্যালবামের কাজ শেষ হলেও অ্যালবামের শিরোনাম এখনও ঠিক হয় নি।
১৯৭৩ সালে যাত্রা শুরু করা কিংবদন্তী এই ব্যান্ডটি তাদের ৪১ বছরের পথচলায় বের করেছে মোট ১৬টি স্টুডিও অ্যালবাম। পৃথিবীজুড়ে তাদের অ্যালবাম বিক্রি হয়েছে ২০ কোটিরও বেশি।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





