লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচারণায় গিয়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন বাংলাদেশের তারকা চিত্রনায়ক ফেরদৌস।

বিতর্কের মুখে মঙ্গলবার রাতেই কলকাতা থেকে ঢাকায় পৌঁছেছেন তিনি। এমন খবরই জানিয়েছেন তার এক ঘনিষ্ঠজন।

লোকসভা নির্বাচনে একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় ফেরদৌসের ভিসা বাতিল করে ভারত সরকার। এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে কালো তালিকাভুক্ত করেছে। এরপরই মঙ্গলবার রাতে বিমানে ঢাকায় ফেরেন তিনি।

কলকাতার একটি সূত্র জানাজায়, ফেরদৌস আহমেদ মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় রওয়ানা হন। ওই সূত্রটি আরও জানায়, এখানে (ভারতে) সবকিছুই স্বাভাবিক। চিন্তার কিছু নাই।

মঙ্গলবার রাতে ফেরদৌসের পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌস ঢাকায় পৌঁছে গেছেন। কিন্তু ফোন বন্ধ রেখেছেন।

টলিউড অভিনেতাদের আমন্ত্রণে সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। তাদের সঙ্গে একই জিপে চড়ে সম্প্রতি রায়গঞ্জের প্রার্থী কানাইলালের হয়ে ভোটের প্রচারণায় নেমেছিলেন তিনি।

আর এরপর থেকেই তার বিরুদ্ধে অভিযোগ: ভিনদেশি হয়েও ভারতের নির্বাচনে কীভাবে প্রচারণায় নামলেন তিনি?

পশ্চিম বঙ্গের বিজেপি প্রার্থীর দাবী, নির্বাচনি প্রচারণায় ভিনদেশিদের অংশগ্রহণ নির্বাচনী নীতিমালা বহির্ভূত। কোন বিদেশি ভারতের নির্বাচনে প্রচারণা চালাতে পারেন না। তাহলে ফেরদৌস কীভাবে নির্বাচনের প্রচারণায় অংশ নিলেন? এমন প্রশ্ন রাখার পাশাপাশি ফেরদৌসের গ্রেপ্তারের দাবিও করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানায়, বাংলাদেশের হাই কমিশনের তরফ থেকে ফেরদৌসকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

এমনও বলা হচ্ছে, ভারত ফেরদৌসের ভিসা বাতিল করেছে। এ বিষয়ে সত্যতা জানতে ফেরদৌসের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এএস