বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটসহ কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখে মুক্তির পরদিন শনিবার কয়েকটি সিনেমা হলে বন্ধ রয়েছে বলিউড চলচ্চিত্র ‘ওয়ান্টেড’ এর প্রদর্শনী। ঢাকার পূর্ণিমা, শ্যামলী ও আনন্দ সিনেমা হলে ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, “সারাদেশের বেশ কয়েকটি সিনেমা হলে ‘ওয়ান্টেড’ এর প্রদর্শনী বন্ধ হয়েছে। সামনের দিনগুলোতে সবগুলো হল থেকেই এর প্রদর্শনী বন্ধ করা হবে। এটি আমাদের আন্দোলনের ফলেই হয়েছে।”

অন্যদিকে চলচ্চিত্রটির আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স ইনউইন এন্টারপ্রাইজ ও মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ শনিবার দুপুর ১২টার দিকে বলেন, ‘পূর্ণিমা ও শ্যামলী হলে ওয়ান্টেডের প্রদর্শনী বন্ধ হয়েছে। সারাদেশে চলচ্চিত্রটি এখনো প্রদর্শিত হচ্ছে। মধুমিতা হলে একটু পরেই প্রদর্শনী শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘যে সব হল প্রদর্শনী বন্ধ করছে তাদেরকে পরবর্তী সিনেমা দেওয়ার ক্ষেত্রে আমরা বিবেচনায় আনব। আমরা এখনো মনে করি সরকারি নিয়ম মেনেই বাংলাদেশে ওয়ান্টেডের প্রদর্শনী হচ্ছে। আমরা অন্যায় কিছু করছি না।’

বেশ কিছুদিন ধরে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনী বন্ধে আন্দোলন করছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’ ও কয়েকটি সংগঠন। শুক্রবার চলচ্চিত্র ঐক্যজোট রাজধানীর পূর্ণিমা ও মধুমিতা সিনেমা হলের সামনে অবস্থা কর্মসূচি পালন করে।

জেআই