আশির দশকের সাড়া জাগানো ছবি ‘রাম লক্ষণ’। সুভাষ ঘাই পরিচালিত ছবিটির প্রধান দুই চরিত্রের নাম রাম ও লক্ষণ। রাম ও লক্ষণ চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে জ্যাকি শ্রফ ও অনিল কাপুর। ২৫ বছর পর ছবিটির রিমেক তৈরি হচ্ছে।
করণ জোহর প্রযোজিত ও রোহিত শেঠি পরিচালিত ছবিটির পরিবেশক সংস্থা করণের ধর্ম প্রোডাকশনস এবং সুভাষ ঘাইয়ের মুক্তা আর্টস। ছবিটিতে জ্যাকি ও অনিলের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, ছবিতে রাম ও লক্ষণ চরিত্রে অর্জুন কাপুর ও রণবীর সিং সবচেয়ে বেশি মানানসই হবেন।
‘রাম লক্ষণ’ ছবিতে জ্যাকিকে দেখা গেছে পুলিশ ইন্সপেক্টর রাম চরিত্রে। সত্যিকারের ভালো মানুষ বলতে যা বোঝায় তেমন চরিত্রেই অভিনয় করেছেন জ্যাকি। সিরিয়াসধর্মী চরিত্রটিতে ভালোভাবেই মানিয়ে যান অর্জুন কাপুর। কারণ এরই মধ্যে ‘গুন্ডে’ ও ‘টু স্টেটস’ ছবিতে সিরিয়াস চরিত্রে অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অন্যদিকে, ‘রাম লক্ষণ’ ছবিতে রামের ছোট ভাই লক্ষণ চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর। লক্ষণ জীবন নিয়ে একদমই সিরিয়াস নন। তিনি জীবনকে উপভোগ করতে চান। দ্রুত অর্থ উপার্জনের জন্য খারাপ মানুষদের সঙ্গে হাত মেলাতেও পিছ পা হন না তিনি। রাম সব সময় অগোছালো স্বভাবের লক্ষণকে আগলে রাখেন।
লক্ষণ চরিত্রটির সঙ্গে খুব সহজেই মানিয়ে যান হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। বলিউডে আকর্ষণীয় অভিনেতার পাশাপাশি কিছুটা দুষ্টু ভাবমূর্তিও রয়েছে তাঁর। টাপোরি ঢংয়ে বিখ্যাত ‘মেরে নাম হ্যায় লক্ষণ’ গানটির সঙ্গে রণবীরের নাচের দৃশ্য কল্পনা করাটা মোটেও কঠিন নয়।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





