জনপ্রিয় নাট্যাভিনেত্রী উর্মিলা এবারই প্রথম জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলনের লেখা কোন গল্পের নাটকে অভিনয় করেছেন।                    
'ভালোবাসার দায়' নামক একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি গত সপ্তাহে। নাটকটি পরিচালনা করেছেন সিকদার ডায়মন্ড। অরুনিমা মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটিতে উর্মিলার বিপরীতে অভিনয় করেছেন ইন্তখাব দিনার।
নাটকের গল্পে দেখা যাবে উর্মিলার বাবা নেই। মায়ের স্নেহ ভালোবাসায় বেড়ে উঠেছে। ভালোবাসে একজনকে কিন্তু মা সেটা জানে না। সড়ক দুর্ঘটনায় উর্মিলার প্রেমিক মারা গেলে এক সময় উর্মিলা জানতে পারে তার গর্ভে তারই প্রেমিকের সন্তান। কে নেবে ভালোবাসার এই দায়? দিনার নাকি অন্যকেউ। এগিয়ে যায় নাটকের গল্প।
উর্মিলা বলেন, পরিচালক ডায়মন্ড শিকদার ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ ছিলো। নাটকটির স্ক্রিপ্ট শুনেই আমি কাজটি করতে রাজি হই। অনেক অনেক ভালো লেগেছে আমার কাজটি করতে। আশাকরি দর্শকেরও অনেক ভালোলাগবে। নাটকে উর্মিলার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শিরীন আলম।
পরিচালক ডায়মন্ড শিকদার জানান, নাটকটি খুব শিগগরিই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
কিছুদিন আগেও উর্মিলা নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও উর্মিলা এখন খণ্ড নাটকে আগের চেয়ে একটু বেশি সময় দিচ্ছেন। যেমন খুব শিগগিরই তিনি এজাজ মুন্না ও মুন্নার পরিচালনায় দুটি খন্ড নাটকে অভিনয় করবেন। এদিকে চ্যানেল নাইনে উর্মিলা অভিনীত ধারাবাহিক নাটক গেইম ও প্যাভিলিয়ন, এনটিভিতে পরিবার করি কল্পনা, যোগাযোগ গোলযোগ, দেশ টিভিতে সোনালী মেঘের ভেলা নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
এছাড়া এনটিভিতে খুব শিগগিরই প্রচারে আসছে আলী ফিদা একরাম তোজো পরিচালিত 'ফ্যামিলি প্যাক'।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]