ঢাকাই চলচ্চিত্রে নিজেকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করেছেন পরী মণি। এরই মধ্যে প্রায় এক ডজন ছবিতে অভিনয় করে ফেলেছেন, শুটিং করছেন আরও বেশ কিছু ছবিতে। রানা প্লাজার রেশমা ছবি দিয়ে শুরু হয়েছে পরীর চলচ্চিত্র অভিনয়। মাত্র এক বছরে ঢালিউড আলোচনার শীর্ষে চলে এসেছেন তিনি।
এখন পর্যন্ত কোনো ছবি মুক্তি না পেলেও আলোচানার কমতি নেই ঢালিউডের নতুন নায়িকা পরি মনিকে ঘিরে। একের পর ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এ গ্ল্যামার গার্ল ।
সম্প্রতি `মহুয়া সুন্দরী` নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী মণি। ‘ময়মনসিংহ গীতিকা’র কাহিনী অবলম্বনে নির্মিত `মহুয়া সুন্দরী` ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন পরী মণি।
সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করছেন রওশন আরা নিপা। এতে পরীর বিপরীতে জুটি বেঁধে অভিনয় করবেন নবাগত সুমিত। আগামী অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
ছবিটিতে মহুয়া সুন্দরী চরিত্রে দেখা যাবে পরীকে। ছবির গল্পে পরী থাকবেন যাত্রা দলের নায়িকা। যাত্রায় মহুয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে মহুয়া ভাবতে শুরু করেন তিনি।
অন্যদিকে যাত্রা দেখতে আসা জীবনও নিজেকে মহুয়ার প্রেমিক জমিদার বাবু ভাবতে শুরু করেন। এরপর শুরু হয় দুটো ভাবালু মনের অবুঝ প্রেম। এভাবেই এগিয়ে চলে ‘মহুয়া সুন্দরী’ ছবিটির গল্প।
‘মহুয়া সুন্দরী’ ছবিতে মোট ৮টি গান থাকছে। আর গানগুলোর সংগীতায়োজন করছেন অমিত ও ইমন সাহা। ময়মনসিংহ গীতিকার ‘মহুয়া সুন্দরী’কে নিয়ে এর আগেও ১৯৬৬ সালে আলী মনসুর নির্মাণ করেছিলেন ‘মহুয়া’ শিরোনামে একটি ছবি। ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেন ‘মহুয়া সুন্দরী’ নামের আরো একটি ছবি।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





