চমক নিয়ে আসছেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক। প্রখ্যাত চিত্রশিল্পী শাহবুদ্দিন আহমেদ অভিনয় করবেন পথিকের চলচ্চিত্র 'ছিন্ন আলো'তে।
এই নির্মাতা জানান, প্রখ্যাত এই শিল্পীর 'ওয়েটিং' চিত্রকর্মকে ঘিরেই চলচ্চিত্রটি নির্মাণ হবে। এতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন শাহবুদ্দিন আহমেদ।
গল্পে দেখা যাবে শরীফ নামে ১৩ বছরের এক প্রতিবন্ধী ছেলেকে গ্রাম থেকে শহরে এনে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো হয়। স্কুলটি এক সময় পরিদর্শনে আসেন প্রখ্যাত এই চিত্র শিল্পী। এখান থেকেই গল্পের শুরু হয়।
ছবির গল্প লিখেছেন মাহবুবুল হক শাকিল এবং মাসুদ পথিক। নির্মাতা আর জানান, মূল চরিত্র অটিস্টিক ছেলের মায়ের চরিত্রে টালিগঞ্জের অভিনেত্রী লকেট চাটার্জি থাকার সম্ভাবনা রয়েছে। শিগগিরই এ ব্যপারে চূড়ান্ত তথ্য জানানো হবে। আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। ২২ জানুয়ারি ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে।
নির্মাতা মাসুদ পথিক এর আগে কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে 'নেকাব্বরের মহাপ্রয়াণ' ছবিটি নির্মাণ করে সব শ্রেণির মানুষের প্রশংসা পেয়েছিলেন। এতে কবি নিজেও অভিনয় করেন। এরই ধারাবাহিকতায় এবার প্রখ্যাত চিত্র শিল্পী সাহাবউদ্দীনের সৃষ্টি নিয়ে কাজ করছেন এবার।
এই নির্মাতা বলেন, আসলে দেশের বিভিন্ন অঙ্গনের বিখ্যাত ব্যক্তিদের সেলুলয়েডের ফিতায় তুলে এনে বর্তমান প্রজন্মের কাছে তাদের পরিচয় করিয়ে দেওয়াই আমার লক্ষ্য। আশা করছি 'ছিন্ন আলো' ছবিটিও সর্বস্তরের মানুষের প্রশংসা ধন্য হবে।
জেআই





