অপহরণ মামলায় চলচ্চিত্র প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা শীষ মনোয়ারকে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে  তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, গত ২৬ এপ্রিল জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সজীব অফিসে যাওয়ার পথে গুম হন। জাজ মাল্টিমিডিয়া সজীব প্রসঙ্গে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে সজীবের বাবা আবদুর রহিম রমনা থানায় সাধারণ ডায়েরি করেন। তাতেও কোনো ফল পাওয়া যায়নি।
এ অবস্থায় শুক্রবার সজীবের স্ত্রী সানজিদা মিরপুর মডেল থানায় অপহরণের মামলা করেন। মামলায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও প্রধান নির্বাহী কর্মকর্তা শীষ মনোয়ারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই