২০তম কলকাতা চলচ্চিত্র উৎসবে শিশুতোষ বিভাগে প্রদর্শিত হবে আশরাফ শিশির পরিচালিত বাংলাদেশের ছবি ‘গাড়িওয়ালা’। আগামী ১০ নভেম্বর থেকে বিশ্বের ৬০টি দেশের ১৩৭টি চলচ্চিত্র নিয়ে  শুরু হচ্ছে উৎসবটি।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটবেন অমিতাভ বচ্চন। পুরো অনুষ্ঠানের মুখপাত্র হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। বিশেষ অতিথি হয়ে আসছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া কলকাতার চলচ্চিত্রের তারকারাও থাকবেন এই উৎসবে।

এ বছরের উদ্বোধনী ছবি ‘ইটালো ব্যারাকো’। উৎসবে বিভিন্ন দেশের ৪০ জন পরিচালকের অংশ নেয়ার কথা রয়েছে। এবারের উৎসবের থিম করা হয়েছে ‘চলচ্চিত্রে নারী’। সে কারণে পুরস্কারের জন্য ১৩টি দেশের মহিলা পরিচালকদের ১৩টি ছবি বেছে নেওয়া হয়েছে।

সেরা ছবিকে দেয়া হবে ৫০ লাখ রুপি সমমানের স্বর্ণ সম্মান। দ্বিতীয় স্থান পাওয়া ছবির পরিচালককে দেওয়া হবে ২১ লাখ রুপির রৌপ্য সম্মান। ১৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে থাকবেন রানী মুখার্জি ও ফারাহ খান।

জেআই