এর আগে মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ। তার গাওয়া আউলা বাতাস জিঙ্গেলটি বেশ প্রশংসিত হয়।

এবার আর জিঙ্গেলে কণ্ঠ নয়, ইন্টারনেট প্যাকেজের সুবিধা নিয়ে নির্মিত গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করতে দেখা যাবে।

সোম ও মঙ্গলবার ঢাকার অদূরে গাজীপুরে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন মমতাজ। বিশাল আয়োজনে বিজ্ঞাপনচিত্রটির কাজ করা হয়েছে।

মমতাজ বলেন, গানের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। তবে এবারেরটি আয়োজন ব্যাপক বলতে হবে। গাজীপুরে যেখানে কাজ করেছি, সেখানকার মানুষেরা বেশ সহযোগিতা করেছে।

বিজ্ঞাপনচিত্রে মমতাজকে গানের শিল্পী হিসেবেই দেখানো হবে। সঙ্গে থাকবেন তার যন্ত্রীরাও।

তিনি আরো বলেন, বাস্তবে আমি যা, নতুন বিজ্ঞাপনচিত্রে সেই আমাকেই দেখানো হবে। দেখা যাবে, আমি গান গাইছি। আমার গান শুনে চারপাশের মানুষজন ছুটে আসবে। এরপর একটা অন্যরকম ঘটনা আছে। সেটা আপাতত চমক হিসেবেই থাক।

কেএইচ