মডেল-অভিনেত্রী সানজিদা তন্ময় এরইমাঝে ''বাপজানের বায়স্কোপ'' এবং ''টার্গেট'' শিরোনামে দুটি ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন। ভিন্নধারার ''বাপজানের বায়স্কোপ'' ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। এদিকে তার অভিনীত ''টার্গেট'' ছবির আর মাত্র দুটি গানের শুটিং বাকি রয়েছে।

এবার ''শেষ চুম্বন'' নিয়ে আসছেন সানজিদা তন্ময়! হ্যাঁ সম্প্রতি ''শেষ চুম্বন'' শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আলোচিত এই মডেল-অভিনেত্রী।

এ সম্পর্কে সানজিদা তন্ময় বলেন, ''দুই সপ্তাহ আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসের ১০ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হবে। ছবির গল্পটি আমার খুবই ভালো লেগেছে। এখানে অভিনয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরার অনেক সুযোগ রয়েছে। সেই জন্য এখন ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি ছবিটির মাধ্যমে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন।''

উল্লেখ্য, ''দ্য লাস্ট কিস'' শিরোনামে বাংলা প্রথম নির্বাক ছবি ১৯৩১ সালে মুক্তি পায়। এটি পরিচালক ছিলেন জগন্নাথ কলেজের তৎকালীন ক্রীড়াশিক্ষক অম্বুজপ্রসন্ন গুপ্ত। বাংলা চলচ্চিত্রের এই ঐতিহাসিক ছবিটির অনুপ্রেরণা থেকে পরিচালক মুন্তাহিদ লিটন নির্মাণ করতে যাচ্ছেন ''শেষ চুম্বন'' ছবিটি।

ইআর