অস্কারজয়ী আল্লারাখা রহমান এবার গান ছেড়ে সিনেমায় মনোনিবেশ করতে চলেছেন৷ বছরের শেষের দিকেই ছবির প্রযোজনার কাজে হাত দেবেন তিনি। রহমান জানিয়েছে, তিনি বরাবরই ছবি প্রযোজনার কথা ভেবেছেন কিন্তু ভিশাল ভরদ্বাজের মতো ছবি পরিচালনা করার কথা এখনও তিনি ভাবেননি।
তিনি জানান, ‘আমাদের প্রথম প্রোডাকশনের কাজ শুরু হতে চলেছে। এটা হিন্দিতেই। আমি পুরো বিষয়টা নিজেই দেখব। আমাদের একটা খুব ভালো টিম রয়েছে যারা এই ছবি প্রযোজনার কাজ সামলাবে।’
রহমান আরও বলেন, ‘আমি জানি এটাকে খুব বড় একটা দায়িত্ব বলে মনে হচ্ছে আর এটা তাই৷ আমার মনে হয় বিশাল ভরদ্বাজ আমার আগে থেকেই সঙ্গীত থেকে ছবি পরিচালনা খুব ভালো ভাবে করছে। কিন্তু আমি জানিয়ে রাখি, ছবি পরিচালনা করার কোন পরিকল্পনা আমার আপাতত নেই। কারণ এতে আমাকে পুরো মনোনিবেশ করতে হবে যা এই মূহুর্তে আমার পক্ষে সম্ভব নয়’।
নিজের জীবনে ছবির প্রযোজনাকে একটা উন্নতি হিসেবেই দেখছেন রহমান। তার মতে গানের বেশির ভাগ ক্ষেত্রেই ভিজ্যুয়াল প্রয়োজন হয়। নিজের বেশ কিছু গানেও ভিডিও ব্যবহার করেছেন তিনি। রহমান বলেন, তিনি নাকি বরাবরই সিনেমা নিয়ে কৌতূহলি ছিলেন। এতদিন পর্যন্ত যত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন তা সে মনিরত্নম হোন কিংবা ড্যানি বয়লি সকলের কাছেই সিনেমার বিষয়ে জানতে চাইতেন রহমান।
তবে কোন ছবি প্রযোজনা করছেন তা এখনও স্পষ্ট করে জানাননি তিনি। তার সঙ্গীতের মতোই তার ছবিও জনপ্রিয় হবে তেমন আশা রাখাই যায়।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





