বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসের ২৩ তারিখ। এ উপলক্ষে রাজধানীর হোটেল ভিক্টোরিয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করে কেএমআর মঞ্জুর-কামাল মো. কিবরিয়া লিপু পরিষদ। সেখানে তারা সমিতির উদ্যোগে নিজস্ব টিভি চ্যানেল খোলার ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রযোজক-পরিবেশক ও সাংবাদিকদের সামনে মঞ্জুর-লিপু পরিষদকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেএমআর মঞ্জুর ও সাধারণ সম্পাদক পদে কামাল মো. কিবরিয়া লিপু। তাদের মতে, প্রযোজক পরিবেশকদের স্বার্থ সংরক্ষণই প্রধান লক্ষ।

আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল আলীম, কাজী হায়াৎ, শাহজাহান চৌধুরী, মোরশেদুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ, আতিকুর রহমান লিটন, শেখ নজরুল ইসলাম, মো. রফিক উদ্দিন, মোশারফ হোসেন তুলা, কাজী রুবাইয়াত হায়াৎ মারুফ, আতিকুর রহমান টিটু, এফআই মানিক, শাহ মো. সিকান্দার আলী সেন্টু, মো. হায়দার আলী, সরদার সানিয়াত হোসেন, মো. কবির হোসেন, মো. ইফতেষার উদ্দিন (নওশাদ) ও আতিকুর রহমান নাদিম।

প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে মঞ্জুর-লিপু পরিষদের ইশতেহারে ১০টি কর্মপন্থার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাইরেসি রোধ, ছবি চালাতে মেশিন ভাড়া বন্ধ, সাধারণ সদস্যদের মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো, মামলা মোকদ্দমার জন্য সমিতির টাকা খরচ না করা, সরকারের কাছ থেকে শিল্প সুবিধা আদায়, ৩০০ হলকে ডিজিটালে রূপান্তর, এফডিসির আধুনিকায়নে বরাদ্দ করা অর্থের মূল্যায়ন, শিল্পী-কলাকুশলীদের পোশাক-কনভেন্সসহ অযৌক্তিক চাহিদা বন্ধ, প্রযোজক সমিতির নিজস্ব টিভি চ্যানেল, সেন্সর নীতিমালার আধুনিকায়ন এবং বিদেশি চ্যানেল বন্ধ ও বিদেশী চলচ্চিত্রের প্রদর্শন বন্ধ।

অনুষ্ঠানে আগত চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা) বলেন, ‘আমাদের ছবি যে কোনো চ্যানেলে ২৫/৩০ হাজার টাকায় বিক্রি হয়। আবার বিজ্ঞাপন দিতে গেলে অনেক বেশি টাকা চেয়ে বসে। চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা করে না। এই অবস্থার পরিবর্তন হতে হবে। কোনো চ্যানেলে ছবি গেলে সেটা প্রযোজক সমিতির এখতিয়ার থেকে যাওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘কোনো বন্ধুকে নয়, যোগ্য নেতৃত্ব আনা প্রযোজন। ভাই, বন্ধু, চাচা, ভাতিজা পরিচয়ে নয়- যে চলচ্চিত্রের জন্য কিছু করতে পারবে তাকে ভোট দেওয়া উচিত।’
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘পাইরেসি রোধে আমরা কাজ করে যাচ্ছি। জাজের এমন মেশিন রয়েছে যে, পাইরেসি করা সম্ভব নয়। আর এমন এক প্রযুক্তি আছে, যেটা হল মালিকরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তাহলে কেউ পাইরেসি করতেও পারবেন না।’

চলতি মাসের ২৩ আগস্ট এফডিসিতে কার্যকরী পরিষদের (২০১৪-২০১৬) নির্বাচন উপলক্ষে কেএমআর মঞ্জুর বলেন, ‘আমরা ২৩ তারিখ নির্বাচনে অংশ নেব। আমরা বছর বছর নির্বাচন করতে চাই না। মামলা-মোকদ্দমায় জড়াতে চাই না। চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে ২৩ তারিখ নির্বাচনে অংশ নেব।’

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই