মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ দক্ষিণ এশিয়ান ফ্ল্যাগশিপ প্রজেক্ট মার্কেট ফিল্ম বাজারে সেরা প্রজেক্ট পুরস্কার পেয়েছে। পুরস্কারের অর্থ মূল্য হিসেবে ফারুকী ১০ লাখ রুপী পেয়েছেন। 

ফারুকী তার প্রতিক্রিয়ায় জানালেন তিনি এই পুরস্কারের অর্থ দিয়ে তার ছবির প্রি-প্রডাকশনের কাজ আরও দ্রুত এগিয়ে নিবেন

মীরা নায়ার, আসিম আহলুওয়ালিয়া, সাবিহা সুমার এবং আমির বশিরের মতো পরিচালকদের প্রজেক্ট হারিয়ে ফারুকী এই পুরস্কার পান। এই বছর নির্বাচিত প্রজেক্ট ছিল ত্রিশটি।

এনএফডিসি ইন্ডিয়ার আয়োজনে ভারতের গোয়ায় সোমবার রাতে ফিল্ম বাজারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ ক্রিটিক ডেরেক ম্যালকম, কান উৎসবের প্যারালাল সেকশনের ডিরেক্টরস ফোর্ট নাইটের প্রোগ্রামার এ্যান ডেলসেত, ভেনিস ফেস্টিভ্যালের পাওলো বার্তলীন, রোম ফেস্টিভ্যালের মার্কোমুলার। 

উল্লেখ্য প্রজেক্ট মার্কেটে নির্মাতারা তাদের পরের ছবির গল্প এবং আগের কাজ পাঠান। সেখান থেকে পঁচিশ-তিরিশটা প্রজেক্ট নির্বাচিত হয়। তারপর নির্বাচিত ছবির পরিচালকরা তাদের স্ক্রিপ্ট পিচ করেন । কান, ভেনিস, বার্লিনের আয়োজকরা পরবর্তী দক্ষিণ এশিয় ছবি নির্বাচনের জন্য ফিল্মবাজারের দিকে নজর রাখেন । লাঞ্চবক্স (কান), কোর্ট (ভেনিস ), মার্গারিটা উইথ আ স্ট্র (টরন্টো ) ফিল্মবাজারের আলোচিত প্রজেক্টের উদাহরণ । 

জেআই