আগামী ৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নিয়মিত আয়োজন হিসেবে ১৩ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়।

১৯৮৬ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠার পর ১৯৮৮ সাল থেকে নিয়মিত ভাবে দ্বি- বার্ষিক ভিত্তিতে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।

বাংলাদেশের ছবির পাশাপাশি পৃথিবীর নানান দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয় এ উৎসবের শুরুতে। সাম্প্রতিক বিশ্বের চলচ্চিত্র ভাবনার সাথে দেশের দর্শকশ্রেণীর পরিচয় ঘটানো মূল উদ্দেশ্য হলেও বর্তমানে আন্তর্জাতিক চলচ্চিত্র পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ এ উৎসবটি দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন হিসেবে সমাদৃত হয়েছে। পৃথিবীর প্রায় ৪০ টি দেশের ২০০ চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হয়। এছাড়াও অন্যান্য আয়োজন হিসেবে থাকে আন্তর্জাতিক বক্তৃতা, জাতীয় সেমিনার, চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও বিশেষ প্রদর্শনী। উৎসবে অংশ নেন সাম্প্রতিক বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও ব্যাক্তিত্ব বর্গ।

এবারের উৎসবে প্রায় ৫০ টি দেশের ৪০০ শত ছবি থেকে বাছাই করা ২০০ ছবি প্রদর্শিত হবে। উৎসবের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বেগম সুফিয়া কামাল জাতীয় গণ গ্রন্থাগার অধিদপ্তরের মূল মিলনায়তন,বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন। উৎসবের অন্যান্য কেন্দ্র হিসেবে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র (ধানমন্ডি)।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর বিকাল ৪ টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘর মিলনায়তন এ। উৎসব উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী  জনাব আবুল মাল আব্দুল মুহিত। অন্যান্য দেশী বিদেশী চলচ্চিত্র ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত হবেন।

১১ ডিসেম্বর ( বৃহস্পতিবার ) বিকাল ৫ টায় জাতীয় জাদুঘর মিলনাতনে আটদিন ব্যাপী উৎসবের সমাপনী ঘোষনা ও উৎসবে বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র সমূহকে পুরস্কৃত করা হবে।  বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী  জনাব হাসানুল হক ইনু সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরন করবেন।

উৎসব পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইফসুফ। সহ সভাপতি হিসেবে আছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জনাব মোরশেদুল ইসলাম।

জেআই