এবারের ঈদে মুক্তি পাওয়া নায়িকা ইয়ামিন হক ববির অভিনীত "আই ডোন্ট কেয়ার" ছবির পোস্টারে তাকে অর্ধনগ্নভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই অভিনেত্রী জানালেন, পোস্টারের ছবিটি তার না। তাকে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ববি বলেছেন, "পোস্টার দেখার পরে আমি খুব কষ্ট পেয়েছি এবং এ বিষয়ে এ ছবির পরিচালক মোহাম্মদ হোসেনের সঙ্গেও কথা বলেছি। তখন তিনি পোস্টারটি সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছিলেন।"

তবে ববিকে দেওয়া কথা রাখেননি পরিচালক। এরই মধ্যে সারা দেশে পোস্টারটি ছড়িয়ে পড়েছে। এবং তা এখন বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে।

ববি এই পরিচালকের বিরুদ্ধে কৌশলে তার অশ্লীল দৃশ্য ধারণেরও অভিযোগ এনেছেন। তিনি একই ভিডিও বার্তায় বলেন, "ছবিটির শুটিং চলাকালে আমরা ব্যাংকক যাই। সেখানে যাওয়ার পরে তারা আমাকে একটি বিচে নামতে বলেন। আমি সাঁতার না জানায় তাতে আপত্তি জানাই। তারা আমাকে বলে কোনো ভয় নেই।"

তিনি সেই দৃশ্যটি সম্পর্কে বলেন, "আমাকে বলা হয়েছিল এটি একটি কমেডি দৃশ্যের জন্য ধারণ করা হচ্ছে এবং গল্পের জন্য দৃশ্যটি খুবই জরুরী। সেখানে দু'জন আমাকে ধরে পানিতে নামান। তখন আমার পক্ষে ব্যালেন্স রাখা সম্ভব হচ্ছিল না। তারা আমাকে বলেছিলেন, শটটি নেওয়া হবে দূর থেকে। কিন্তু পরে সিনেমাটির ট্রেইলরে আমি দেখেছি, তারা আমার খুব কাছ থেকে এবং আমার মাথার উপর থেকে শটটি নিয়েছেন। শটটি নেওয়ার পরে তা ফটোশপে নিয়ে কাট ছাট করে জোড়া লাগানো হয়েছে। দৃশ্যটি এতটাই অশ্লীল যা কোনোভাবেই একজন সুস্থ মানসিকতার মানুষের কাজ হতে পারে না।"

তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, "যতক্ষণ বিষয়টির একটি সুস্থ সমাধান না হয় ততক্ষণ বিষয়টি বিবেচনার মধ্যে রাখবেন।"

ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই