শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন মোট ৪৮৭ জন। যদিও মোট ভোটার সংখ্যা ছিলো ৫৮৩ জন।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া শিল্পী সমিতির নির্বাচনে প্রথম দফায় ভোট দেন নায়করাজ রাজ্জাক, ববিতা, চম্পা, আনোয়ারা এবং প্রবীর মিত্র। এর পরপরই নতুন প্রজম্মের শিল্পীরা একে একে ভোট দিতে আসেন। এসময় নতুন পুরনো তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠে এফডিসি প্রাঙ্গন।
এদিকে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নির্বাচন কমিশনার মিজু আহমেদ বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। শুধু নামাজ ও দুপুরের খাবারের জন্যে এক ঘণ্টার বিরতি দেয়া হয়। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভোট গণনা শুরু হয়েছে। আশা করি রাত ১০টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারব।’
শিল্পী সমিতির নির্বাচনে মূলত দুটি প্যানেল অংশ নিয়েছে একটি চিত্রনায়ক শাকিব খানের নেতৃতাধীন শাকিব-মিশা প্যানেল। আরেকটি অভিনেতা আহমেদ শরীফের নেতৃতাধীন প্যানেল। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদের জন্য লড়েছেন অভিনেতা অমিত হাসান।
জেআই





