শৈশবের প্রেম ভালোবাসার মানুষকে পেয়েও দোলাচলে ভোগছেন মিম ও হিল্লোল।এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক-ভেজা মেঘের স্বপ্নগুলো। সজল আহমেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, বিদ্যা সিনহা মীম, মিষ্টি জান্নাত প্রমুখ।
নাটকটি শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
গল্পে দেখা যাবে, আকাশ একটি কবিতা বিষয়ক পত্রিকার সম্পাদক। শৈশব থেকে একটি মেয়েকে পছন্দ করলেও তার বিষয়টি মেয়েটিকে জানাতে পারেনি। প্রতিবছরই মেয়েটির জন্মদিনে একা-একা কেক কাটে। মেয়েটির জন্য জন্মদিনের উপহার কেনে। প্রায় ১২ বছর হলো মেয়েটিকে সে দেখে না।
ইউনিভার্সিটির ক্যাম্পাসে তার বন্ধু পিয়াসের মাধ্যমে অহনা নামে একটি মেয়ের সাথে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে একটা সরল বন্ধুত্ব তৈরী হয়। অহনা ধীরে ধীরে আকাশকে ভালোবাসতে শুরু করে। বান্ধবী লাবণ্যের কাছ থেকে জানতে পারে আকাশ শৈশব থেকে একটা মেয়েকে ভালোবাসে। অহনা ভীষণ কষ্ট পায়। কিছুদিন আকাশের সাথে যোগাযোগ বন্ধ রাখে।
এদিকে আকাশ একটি অদ্ভুত সমস্যার মুখোমুখি হয়। সে যখনই অহনাকে দেখে তখনই তার শৈশবে ভালোলাগা সেই মেয়েটির দোলনায় দোলা দৃশ্যটি দেখতে পায়। অবশেষে সে জানতে পারে অহনাই সেই মেয়ে। কিন্তু নতুন একটা ভয় জন্ম নেয় তার ভিতর। অহনা যদি তার ভালোবাসা গ্রহণ না করে।
অন্যদিকে অহনাও জানতে পারে যে আকাশের সেই ভালোলাগা মেয়েটি সে। তার ভীষণ আনন্দ হতে থাকে। কিন্তু ভেতরে ভেতরে একটা অভিমান জমা হয়। সে অপেক্ষা করবে যতোদিন ও সরাসরি না বলে। এভাবে দিন চলতে থাকে। ভালবাসার কথাটি কি শেষ পর্যন্ত বলতে পারবে আকাশ?
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





