কণ্ঠশিল্পী দেবলীনা সুরের প্রথম মৌলিক অ্যালবাম ‘জল ফড়িং’ প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জি-সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত এ অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। সাতটি আধুনিক গানে অ্যালবামটি সাজানো হয়েছে। এর মধ্যে ছয়টি গানের কথা ও সুর করেছেন দেবলীনা নিজেই। আর একটি গান লিখেছেন সুমন সাহা এবং সুর করেছেন ইমন সাহা। এ অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে- ‘তোমার কথা ভেবে ভেবে’, ‘ও জলফড়িং তোর ব্যস্ত দিন’, ‘ইচ্ছেগুলো আজ মেলেছে ডানা’, ‘ভালো আছো ভালো থেকো’, ‘প্রভাতের স্নিগ্ধতা’, ‘পাগল তোর জন্য আমি’ এবং ‘মাঝির লাগি বইসা আছি’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগীত পরিচালক ফোয়াদ নাসের, দেশ টিভির প্রযোজক ও দেবলীনা’র স্বামী সুমন সাহা এবং জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদসহ আরো অনেকে।
‘জল ফড়িং’ সম্পর্কে দেবলীনা বলেন, “আমি রবীন্দ্র সঙ্গীতের ওপর শান্তি নিকেতন ও বিশ্বভারতী থেকে ডিগ্রি নিয়ে এসেছি। সে ধারাবাহিকতায় আমার রবীন্দ্র সংগীতের অ্যালবাম বের করা উচিত। আমার মনে হয়েছে, আধুনিক গান দিয়েই শ্রোতাদের কাছে সহজে পৌঁছানো যায়। সে চিন্তাধারা থেকেই জাজ, ক্লাসিক্যাল আর নরম সুরের মিশেল দিয়ে অনুভূতির কথাগুলোকে শোনাতে চেয়েছি। এর মধ্যে লোকজ আবহও রয়েছে। এরপর অবশ্য রবীন্দ্র অ্যালবাম নিয়েই শ্রোতাদের সামনে হাজির হব।
জেআই





