কেউ পয়সা খরচ করে সিডি কিনছে না। কোম্পানিগুলোও ঠিকমতো পৃষ্ঠপোষকতা করছে না। রেডিওগুলো সম্মানি ছাড়াই গান বাজাচ্ছে। এমন বেশ কিছু কারণ দেখিয়ে সংগীতাঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তাহসান খান। তবে বছর না ঘুরতেই সিদ্ধান্ত পাল্টেছেন।

তাহসান বলেন, “ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, আর এটা নিয়ে কেউ কিছু করছে না। আমি এর প্রতিবাদ করতে ফেইসবুকে লিখেছিলাম। এরপর লক্ষ করলাম সারা বাংলাদেশ বেশ পজিটিভ ছিল। আমাকে খুব সাপোর্ট করেছে। সবাই বলেছে-- ‘আপনি প্রতিবাদ করেছেন এটা ভালো, কিন্তু আপনাকে গান থামিয়ে দিলে হবে না।’ এমনকি ভক্তরা কোম্পানিগুলোকে চাপ দিয়েছে। সব মিলিয়ে রেকর্ড কোম্পানিগুলোর মধ্যেও একটা পরিবর্তন হয়েছে।”

তিনি আরও বলেন, “চার বছর বিরতিতে ছিলাম। এসময়ে সবাই অভিনয় করতে দেখেছে আমাকে। নাটকে যদিও গান করেছি, তবু অ্যালবাম না করলে হয় না। শ্রোতাদের মনে অনেক ব্যথা জমে যায় এর ফলে। সেই তাগিদ থেকেই জি সিরিজের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে পৃষ্ঠপোষকতা করবে। এরপরই অ্যালবাম করার সাহস করলাম।”

তিনি জানালেন, এবারের ঈদেই তার ষষ্ঠ একক অ্যালবামটি বের হবে। গান থাকছে ১০টি। অধিকাংশ গানের কথা ও সুর তার নিজের।

অ্যালবামটি সম্পর্কে তিনি বলেন, “আমি একটা নিজস্ব ধারা তৈরি করতে পেরেছি। শ্রোতারা আমার সেই ধারাকে পছন্দ করেছে। সেই ধারার গানই থাকবে অ্যালবামে।”
অ্যালবামের বেশ কয়েকটি গান নাটকে ব্যবহার করা হয়েছে।

তাহসান অ্যান্ড সুফিজ ব্যান্ডের সঙ্গে গাওয়া ‘আদর’, এছাড়া ‘কতদূর’, ‘আদি মানবী’ ইত্যাদি নামের গানগুলো থাকছে অ্যালবামে। অ্যালবামটি রোজার শেষের দিকে বাজারে আসবে জি সিরিজের ব্যানারে।

একসময় লাখ লাখ কপি সিডি বিক্রি হত। এখনকার সময়ে অতটা প্রত্যাশা নেই তাহসানের। তবে আশা করছেন, ভক্তরা সিডি কিনে গান শুনবেন।
তিনি বলেন, “আগে একটা সময় ছিল যখন আমরা সিডি কিনে অ্যালবামের ১০টি গানই শুনতাম। কারণ প্রত্যেক গানেরই আলাদা পরিচয় রয়েছে। এখন শ্রোতারা সিডি না কিনে একটি বা দুটি গান শোনে।”

বছরের শুরুতে তাহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখেন-- “আর কখনও গান করব না।”

তিনি বলেন, “একটা অ্যালবাম করতে আমাদের প্রচুর মেধা, শ্রম, অর্থ ব্যায় হয়। তার উপযুক্ত সম্মানি না পেলে আমরা গান করতে পারি না।”
তবে এখন যেহেতু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাই এর শেষও দেখে ছাড়বেন বলে জানালেন।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই