ছোট্ট গ্রাম। ছোট্ট স্টেশন। খেলনা বাঁশি, বেহালা, একতারা বিক্রি করে বিনোদ। ঘরে একলা মা। বিনোদের মনটা জানি কেমন। সহজ সরল। এক বেদেনির হাতে ফাঁদ পেতে ধরা পাখি দেখে তার মনটা কেঁদে ওঠে।
মানুষ পাখি মারে কেন। সারাদিনের বিক্রির টাকা দিয়ে বিনোদ পাখিটা কিনে নেয়। ছেড়ে দেয় আকাশে। পরদিন বাড়ির সামনে দেখে এক অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম সুবর্ণরেখা। তার যাওয়ার জায়গা নেই।
আবারো বিনোদের মনটা ভিজে যায়। সে তার ছোট্ট ঘরেই মেয়েটিকে আশ্রয় দেয়। দিন যায়। মেয়েটিকে নিয়ে গ্রামে জটিলতা শুরু হয়। বখাটে ছেলেরা বিনোদের বেহালা, একতারা ভেঙে দেয়। তাকে হুমকি দেয়। বিনোদ কাঁদতে কাঁদতে ঘরে ফেরে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে পহেলা বৈশাখের বিশেষ নাটক ‘সুবর্ণরেখার বাঁশিওয়ালা’।
গৌতম কৈরীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ভাবনা, ঝুনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
পহেলা বৈশাখ রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]