'সর্বনাশা ইয়াবা' ছবিতে অভিনয় করে ছবিটি মুক্তির আগে ব্যাপক জল ঘোলা করেছেন নবাগত নায়িকা ও ছোট পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ।
তার এই জল ঘোলা করার মূল কারণ হলো ছবিতে অভিনয় করে পারিশ্রমিক না পাওয়া। এই অভিযোগ প্রযোজক-পরিচালক কাজী হায়াতের বিরুদ্ধে। ক্যারিয়ারের তার অভিনীত প্রথম ছবি মুক্তি পাওয়ার পরও টাকা না পাওয়াতে পরিচালকের বিরুদ্ধে নানান অভিযোগ করেন এই নবাগত নায়িকা।
কেন প্রসূনকে টাকা দেয়া হয়নি এ বিষয়ে বেশ খোলামেলা বক্তব্য দেন ছবির নায়ক ও কাজী হায়াতের সুযোগ্য পুত্র অ্যাকশন হিরো কাজী মারুফ। তিনি বলেন,'সিডিউল ফাঁসানো সেই সাথে ডাবিং এ অংশ না নেওয়ার কারনেই প্রসূনকে পুরো টাকা দেয়া হয়নি। তবে তার ড্রেস থেকে শুরু করে কস্টিউম এর জন্য মোটা অংকের টাকা দেয়া হয়েছিল বলে মারুফ জানান।
শুধু তাই নয় ছবিতে অভিনয় শুরুর সময় প্রসূন নাকি কোন পারিশ্রমিকই দাবি করেননি এমন খবরও বাতাসে ভেসে বেড়িয়েছে।
এদিকে মারুফ আগেই বলেছিলেন, প্রসূন সিডিউল ফাঁসিয়ে ও ডাবিং না করে ইউনিটের যে ক্ষতি করেছেন সেই টাকা দিলে তার দাবি অনুযায়ী সব টাকা দেয়া দিবেন!
অবশেষে এতসব অভিযোগ আর পাল্টা অভিযোগের নিষ্পত্তি করতেই শনিবার এফডিসিতে ‘সর্বনাশা ইয়াবা’র পরিচালক কাজী হায়াত আর ছবির নায়িকা প্রসূন আজাদকে নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। সেখানে পারিশ্রমিকের বদলে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী প্রসূন। দেরিতে হলেও অর্থের বিনিময়ে ক্ষমা চেয়ে অবসান হলো পরিচালক ও নায়িকার দ্বন্দ্বের।
নায়িকা হিসেবে প্রসূনের যাত্রার শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ছবি খুব একটা ব্যবসা করেনি। সম্প্রতি এস আই খান পরিচালিত 'অচেনা হৃদয়' ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন প্রসূন।
ছবিটির প্রচারণায় কিনা করেছেন প্রসূন! প্রকাশ্য দিবালকে সিনেমা হলে শত শত দর্শক ও সাংবাদিকদের সামনে ছবির নায়ক সুমনকে চুমু দেন তিনি। প্রসূনের নায়ককে দেয়া এই চুমু দর্শকদের মাঝে কোন সাড়া ফেলেনি শুধু বদনাম কুড়িয়েছে যার পরিণতি ছবিটি ব্যাপক ফ্লপ হয়।
আর সদ্য মুক্তি প্রাপ্ত ছবি 'ইউটার্ন' ছবিতে আইটেম গার্ল হিসেবে বড় পর্দায় এসেছেন প্রসূন। অপরদিকে আশিকুর রহমান পরিচালিত 'মুসাফির' ছবিতে তাকে অতিথি চরিত্রে দেখা যাবে। আইটেম গার্ল ও অতিথি চরিত্রে অভিনয়ও প্রসূনের চলচ্চিত্রে নায়িকা হবার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে এমনটাই মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
ইআর





