নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। ১৮ আগস্ট থেকে অনুষ্ঠানমালা শুরু হবে।
১৮ আগস্ট সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধিস্থল পর্যন্ত স্মরণ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এর উদ্বোধন করবেন বেগমজাদী মেহেরুন্নেছা। শোভাযাত্রা শেষে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
সকাল ১১টায় জহির রায়হান মিলনায়তনে ‘ভাঙা প্রেমের অশেষত্ব বিশষত্ব : সেলিম আল দীন-একটি পর্যবেক্ষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। জাবি উপাচার্য ড. ফারজানা ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব দেবেষ রায় ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আফসার আহমেদ। সন্ধ্যা ৭টায় জহির রায়হান মিলনায়তনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের নাটক ‘মুনতাসির ফ্যান্টাসি।’
১৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় জহির রায়হান মিলনায়তনের মঞ্চায়িত হবে সেলিম আল দীন রচিত নাটক ‘কবি’।
এ সব অনুষ্ঠানের পাশাপাশি দুদিনব্যাপী জহির রায়হান মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনী চলবে। সেলিম আল দীনকে নিয়ে বারীণ ঘোষের আলোকচিত্র, পথিকৃৎ প্রতিকৃতি- নিয়ে রকিব হাসানের চিত্র প্রদর্শনী, অন্তরালে মূল মুখ প্রতিপাদ্যে সমুন সরকারের মুখোশ প্রদর্শনী চলবে।
ঢাকা, ১৬ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ





