পরিচালক কবির খানকে শর্ত বেঁধে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। শর্ত মানলেই কেবল বলিউডের সুপারস্টার সালমান খানের বিপরীতে তাঁর ছবিতে অভিনয় করবেন এই অভিনেত্রী। তাতেও রাজি হয়েছেন কবির।
সালমানের বিপরীতে অভিনয় করতে মুখিয়ে আছেন বলিউডের বহু নায়িকা। কিন্তু এমন শর্ত বেঁধে দেওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম। পরিচালক কবির খানকে দীপিকা জানিয়ে দিয়েছেন, তাঁর চরিত্রটিকে হতে হবে মজবুত। শুধু ছবিতে থাকার জন্যই থাকবেন না তিনি।
সচরাচর সালমান খানের ছবিতে নায়িকা থাকেন শুধু নামমাত্র। পর্দায় তাঁদের দেখা মেলে অল্প কিছু দৃশ্যে। এমনকি সিনেমার গল্পেও তাঁদের তেমন কোনো গুরুত্ব থাকে না। কিন্তু কবির খান তাঁর পরবর্তী ছবি ‘মাঝদার’-এ দীপিকাকে সেভাবে উপস্থাপন করবেন না বলেই কথা দিয়েছেন।
উল্লেখ্য, বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম সালমানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা।
এর আগে সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে অভিনয়ের কথা ছিল দীপিকার। কিন্তু তাতে অভিনয় করেছিলেন সোনম কাপুর। আবার ‘সুলতান’ ছবির নায়িকা হিসেবেও কাজের প্রস্তাবও দেওয়া হয়েছিল দীপিকাকে। কিন্তু দীপিকার ব্যস্ততায় সেটি আর সম্ভব হয়নি। কবির খান পরিচালিত ‘মাঝদার’ ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ঈদে।
বলিউডের সব থেকে পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী দীপিকা এখন শুধু বলিউডের নন। সম্প্রতি তিনি শেষ করেছেন তাঁর প্রথম হলিউডের ছবি ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’। তাঁর বিপরীতে এতে অভিনয় করেছেন ভিন ডিজেল। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শুরুতে।
এমআইএস।





