সালমান খান অভিনীত নতুন ছবি ‘কিক’মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। ছবিটির প্রচারণা নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাঁকে। এই ব্যস্ততার মধ্যেও সুরজ বরজাতিয়ার পরবর্তী ছবিতে শুটিংয়ের কাজ শুরু করেছেন খান সাহেব। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য পাকা কথা দিয়েছেন তিনি। এজন্য ২০১৭ সাল পর্যন্ত একের পর এক ছবিতে টানা অভিনয় করে যেতে হবে ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতাকে।

বর্তমানে ‘কিক’ছবির প্রচারণার পাশাপাশি সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পাও’ছবিতে অভিনয় করছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা সালমান খান। এ ছাড়া করণ মালহোত্রার ‘শুদ্ধি’, কবির খানের ‘বজরঙ্গি ভাইজান’, বনি কাপুরের ‘নো এন্ট্রি মে এন্ট্রি’এবং শিমিত আমিনের ‘সুলতান’ছবিতে কাজ করার জন্য শিডিউল দিয়েছেন সালমান। শুধু তাই নয়, মহেশ মাঞ্জারকারের একটি ছবিতেও তাঁর অভিনয়ের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিড-ডে ডটকম’।

সালমান তাঁর নিজের দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের ব্যানারেও ছবি বানানোর পরিকল্পনা করেছেন। ২০১১ সালে মুক্তি পায় সালমান খান বিয়িং হিউম্যান প্রোডাকশনসের ছবি ‘চিলার পার্টি’। শিশুতোষ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেন সালমান খান ও রনি স্ক্রুওয়ালা। এবার বিয়িং হিউম্যান প্রোডাকশনসের ব্যানারে মারাঠি দুটি ছবির রিমেক তৈরির পরিকল্পনা করেছেন সালমান।

সবমিলিয়ে আগামী ৩ বছর সালমানের সময় কাটবে প্রচণ্ড ব্যস্ততায়। ২০১৭ সাল পর্যন্ত একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। বিষয়টি সালমান ভক্তদের জন্য সুখবরই বটে। কারণ প্রিয় তারকাকে ঘনঘন বড় পর্দায় দেখার সুযোগ পাবেন তাঁরা।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ