প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার দায়ের করা মামলায় সমঝোতার জন্য সঙ্গীত শিল্পী আরফিন রুমিকে শেষবারের মতো সুযোগ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলায় আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক ছিল।

দুই পক্ষের শুনানিও হয়েছে। কিন্তু দুই পক্ষের মধ্যে কোনো মীমাংসা না হওয়ায় বিচারক আরিফুর রহমান ১০ অগাস্ট অভিযোগ গঠনের দিন রেখেছেন বলে ওই আদালতের পেশকার ফোরকান মিয়া জানিয়েছেন।

তিনি বলেন, “আদালত বলেছেন, এই সময়ের মধ্যে দুই পক্ষের সমঝোতা না হলে আদালতের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতেই চলবে।”

আরফিন রুমির আইনজীবীর আবেদনে তার জামিনের মেয়াদও আগামী ১০ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

রুমির আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, এর আগে দুইবার আরফিন রুমির পক্ষে অনন্যার সঙ্গে সালিশে বসেন তিনি। কিন্তু অনন্যা কোনো বিষয়েই রুমিকে ছাড় দিতে রাজি হননি। “আপস করতে হলে দুই পক্ষকেই কিছু শর্ত শিথিল করতে হবে,” বলেন তিনি।

রুমির পক্ষ থেকে বিচারককে বলা হয়েছে, পরবর্তী তারিখের আগেই আপসনামা অনুযায়ী সব শর্ত পূরণ করার চেষ্টা করা হবে।

২০০৮ সালে পরিবারের সম্মতিতে দূরবীন ব্যান্ডের তখনকার ভোকাল আরফিন রুমির সঙ্গে অনন্যার বিয়ে হয়। অনন্যার সঙ্গে সম্পর্ক রেখেই ২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী কামরুন্নেসাকে বিয়ে করেন তিনি।

দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে এক বাড়িতেই থাকতেন আরফিন রুমি। এক অনুষ্ঠানে দুই স্ত্রীকে নিয়ে দেখাও গেছে তাকে।

দ্বিতীয় বিয়ের এক বছর পর যৌতুকের জন্যে নির্যাতন এবং অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগ এনে আরফিন রুমির বিরুদ্ধে অনন্যা একটি মামলা করেন।

সেই মামলায় এই গায়ক গ্রেফতারও হয়েছিলেন। গ্রেফতারের পর গত বছরের ১২ অক্টোবর কারাগারে পাঠানো হয় তাকে। এর দুই দিন পর আবার অনন্যারই জিম্মায় জামিন পান তিনি।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই