রুবেল হোসেনের বিরুদ্ধে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

হ্যাপীর পক্ষে কোনো আইনজীবী এজলাসকক্ষে উপস্থিত না থাকায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আবেদনটি খারিজ করেন।

গত সোমবার রিটটি হাইকোর্টে দাখিল করা হয়। রুবেল হোসেনকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেয়ার জন্য রিট করেন হ্যাপী।

মঙ্গলবার দুপুরের পর আবেদনটি শুনানির জন্য তিনবার ডাকা হলে হ্যাপীর আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ এজলাসকক্ষে উপস্থিত না থাকায় আবেদনটি খারিজ করে দেয়া হয়।

রুবেলের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ সংবাদমাধ্যমকে বলেন, ১২টায় প্রথম আদালত ধার্য করলেও পরে দুপুর আড়াইটায় শুনানির জন্য নির্ধারিত ছিল। সে সময় হ্যাপীর আইনজীবী উপস্থিত ছিলেন না।

সম্প্রতি রুবেলের বিরুদ্ধে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’গড়ার অভিযোগে থানায় মামলা করে আলোচনায় আসেন অভিনেত্রী হ্যাপী।

২১ বছর বয়সী হ্যাপীর দাবি, ফেসবুকের মাধ্যমে প্রায় এক বছর আগে তার সঙ্গে পরিচয় হয় রুবেলের। বিয়ের কথা বলে নয় মাস ধরে শারীরিক সম্পর্ক রাখছিলেন রুবেল।

এমকে