ইরানি নারী চলচ্চিত্রকার রাখশান বানি এতেমাদের ছবি ‘দ্য টেল’হামবুর্গ আন্তর্জাতিক ফিল্ম উৎসবে দেখানো হবে।

জার্মানির হামবুর্গে অনুষ্ঠেয় ২২তম ফিল্ম ফেস্টিভালে প্রতিযোগিতার মূল সেকশনে এই চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আগামি ২৯ সেপ্টেম্বর।

ইতোপূর্বে দ্য টেল ছবিটি ইতালিতে অনুষ্ঠিত ৭১তম ভেনিস ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার জিতেছে।

ছোটো ছোটো সাতটি পর্বে বিন্যস্ত দ্য টেল’র কাহিনী। বানি এতেমাদ এই সাত পর্বে তাঁর আগেকার কয়েকটি ফিল্মের প্রধান চরিত্রের নিয়তি তুলে ধরেছেন। দ্য ব্লু ভেইল্‌ড,আন্ডার দ্য স্কিন অব দ্য সিটি এবং মেইনলাইন ফিল্মের প্রধান চরিত্রগুলো দ্য টেলে’র কাহিনীতে বর্ণিত হয়েছে।

বনি এতেমাদ নিজের ফিল্ম সম্পর্কে বলেন, আমার ফিল্মের চরিত্রগুলো একেবারই বাস্তব। প্রতিদিন যাদের সাথে আমার উঠাবসা চলাফেরা হয় তাদের মধ্য থেকেই আমি আমার ফিল্মের চরিত্র নির্ধারণ করি।

বনি এতেমাদ সমাজচিত্রগুলোই প্রধানত তুলে ধরেন তাঁর ফিল্মে। প্রামাণ্য চলচ্চিত্র এবং শর্ট ফিল্মের জন্যও তিনি ব্যাপক খ্যাতি লাভ করেছেন।

জার্মানির তৃতীয় বৃহৎ চলচ্চিত্র উৎসব হামবুর্গ ফিল্ম ফেস্টিভাল শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ