‘আমি শুধু চেয়েছি তোমায়’ নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই তৃতীয় সিনেমা ‘ব্ল্যাকমেইল’-এর কাজ শুরু করতে যাচ্ছেন অনন্য মামুন । রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এ সিনেমাতে নায়ক হিসেবে তিনি নিয়েছেন টালিগঞ্জের হিরণ চ্যাটার্জিকে আর তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা সাহা মিম ও মৌসুমী হামিদ। 

মামুন জানান, সিনেমাতে মৌসুমী ‘মুসকান’, মিম ‘আয়েশা’ এবং হিরণ অভিনয় করবেন ‘রোমিও’ চরিত্রে। সিনেমাতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

 ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাকে বাংলা সিনেমার ইতিহাসে ‘সবচেয়ে ব্যবসাসফল’ সিনেমা হিসেবে দাবি করে মামুন বলছেন, “আমি এখন নতুন সিনেমা নিয়েই ভাবতে চাই। দর্শককে নতুনত্বের স্বাদ এনে দিতে চাই।”

সিনেমাটি নিয়ে অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, “আমি সবসময়ই বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করতে চেয়েছি। ‘ব্ল্যাকমেইল’ সিনেমাতে আমি আমার পছন্দের মতো একটি চরিত্র পেয়েছি। এখন নিজেকে মেলে ধরার পালা।”

মৌসুমী এর আগে অনিমেষ আইচের ‘না মানুষ’ এবং প্রশান্ত অধিকারীর ‘হডসনের বন্দুক’ নামে দুটি সিনেমাতে অভিনয় শুরু করলেও দুটি সিনেমারই শুটিং বন্ধ হয়ে যায়।

পশ্চিমবঙ্গের অভিনেতা হিরণ ২০০৭ সালে কলকাতার বাংলা সিনেমা ‘নবাব নন্দিনী’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ‘ভালোবাসা ভালোবাসা’, ‘চিরসাথী’, ‘জ্যাকপট’, ‘রিস্ক’, ‘লে হালুয়া লে’, ‘মাচো মাস্তানা’ প্রভৃতি তার উল্লেখযোগ্য সিনেমা। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘মজনু’ টালিউডে ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশি সিনেমায় টালিগঞ্জের নায়ক নেওয়ার বিষয়টি এবারই প্রথম নয়। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমায় নায়ক হয়েছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই