দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বন্ড সিরিজের পরবর্তী মুভির নাম ঘোষণা করা হয়েছে। বন্ড সিরিজের নতুন মুভিটির নাম রাখা হয়েছে 'স্পেক্টর'। গতকাল লন্ডনের পাইনউড স্টুডিওতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পরিচালক স্যাম মেন্ডেস।

'স্পেক্টর' মুভির প্রোডাকশন শুরুর ঘোষণা দেওয়ার লক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি প্রচার করা হয়। নতুন 'বন্ড গার্ল' কে হচ্ছেন এ নিয়ে বহু প্রতীক্ষার অবসান ঘটান পরিচালক মেন্ডেস। 'স্পেক্টর'এ বন্ড গার্লের চরিত্রে দেখা যাবে ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেল্লুচ্চি ও ফরাসি অভিনেত্রী ল সেইডুকে। ভিলেনের চরিত্রে অভিনয় করবেন এন্ড্রু স্কট ও অস্কারজয়ী ক্রিস্টোফ ওয়ালজ। আর বন্ড সিরিজের আগের মুভি 'স্কাইফল'র মতোই নায়ক ও বন্ডের ভূমিকায় দেখা যাবে ব্রিটিশ অভিনেতা ডেনিয়েল ক্রেগকে।

আগামী সাত মাসে স্পেক্টর'র শুটিং সম্পন্ন হবে এবং লন্ডন, রোম, মেক্সিকো সিটি, অস্ট্রিয়া ও মরক্কোতে এর শুটিং হবে বলে জানান স্যাম মেন্ডেস। ২০১৫ সালের নভেম্বরে বন্ড সিরিজের ২৪তম মুভি 'স্পেক্টর' মুক্তি পাবে বলেও জানান তিনি। সূত্র: দ্য হিন্দু

জেআই