নগ্ন ছবি নিয়ে পোস্টার বিতর্ক, ধর্মানুভূতিতে আঘান হানার অভিযোগ - তারপরও বক্স-অফিসে ‘পিকে'র আয়ের গতি কেবলই বাড়ছে। ঘরোয়া ও আন্তজর্াতিক বাজারে ১০ দিনে ৪৩৩ কোটি ৫০ লাখ রুপি আয় নিয়ে এটিই এখন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল দ্বিতীয় সিনেমা। আমির খানের সামনে এখন নিজেই নিজেকে ছাঁড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ। কারণ শীর্ষ স্থানটি এখন পর্যন্ত দখলে রেখেছে 'ধুম থ্রি’।

কোইমোই ডট কম বলছে ভারতে এখন পর্যন্ত সিনেমাটি সিনেমাটি আয় করেছে ২৩৬ কোটি ৫০ লাখ রুপি। আর আন্তজর্তিক বাজারে এর আয় ৯৩ কোটি রুপি।
বছরের সবচেয়ে ব্যবসাসফল এই সিনেমাটি প্রথম দিনের আয়ে চমক জাগাতে না পারলেও, এক সপ্তাহের আয়ে রেকর্ড গড়েছে। সিনেমাটির সহযোগী প্রযোজনা সংস্থা ডিজনি ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ‘পিকে’।

সিনেমাটি পেছনে ফেলে দিয়েছে শাহরুখ খান অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস’কে। সিনেমাটির এ যাবৎকালের আয় ৪২২ কোটি রুপি।

ভারতীয় সিনেমার ইতিহাসে শীর্ষ পাঁচ সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা এখন যথাক্রমে, 'ধুম থ্রি’, ‘পিকে’, 'চেন্নাই এক্সপ্রেস’, 'থ্রি ইডিয়টস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’।

১৯শে ডিসেম্বর মুক্তি পায় ‘পিকে’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘মুন্নাভাই’ সিরিজ এবং ‘থ্রি ইডিয়টস’ খ্যাত রাজকুমার হিরানি। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত।

জেআই