অভিনেতা আনিসুর রহমান মিলন এবারই প্রথম চলচ্চিত্রের নবাগত নায়িকা আইরিনের সঙ্গে একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন। অয়ন চৌধুরীর রচনা ও সাইফ চন্দনের পরিচালনায় ছবিটির নাম টার্গেট।
সম্প্রতি পরিচালকের সঙ্গে মিলন ও আইরিনের চুক্তি স্বাক্ষর হয়েছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত টার্গেট ছবিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ছবির পুরো টিমেই আসলে একটা চ্যালেঞ্জ কাজ করছে। যেমন ছবিটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া, পরিচালক নিজেও যেমন তরুণ, চলচ্চিত্রটির গল্পকার অয়ন চৌধুরীও তরুণ। আমরা যারা কাজ করছি ছবিটিতে বলা যায় সবাই তরুণ। সব মিলিয়ে একটি তারুণ্যদীপ্ত চলচ্চিত্র হতে যাচ্ছে টার্গেট এবং আমার বিশ্বাস সবদিক মিলিয়ে একটি ভাল চলচ্চিত্রই হবে এটি। যা দেখতে দর্শক হলমুখী হবেনই।
আইরিন বলেন, আমার ভীষণ ভাল লাগার বিষয় এটি যে মিলন ভাইয়ের মতো গুণী এবং উঁচুমাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পারছি। এজন্য আমার নতুন ছবির পরিচালক চন্দন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এখন নিয়মিত চলচ্চিত্রেরই একজন। প্রতিটি মুহূর্তে এই অঙ্গনের প্রতি আমার ভাল লাগা বাড়ছে। আমি আশা রাখি টার্গেট মানেই ভাল কিছু হওয়ার শুভ সূচনা হলো।
পরিচালক সাইফ চন্দন জানান, চলতি মাসের মাঝামাঝি সময়েই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





