আন্ধেরির ইয়াশ রাজ ফিল্ম স্টুডিওতে শুক্রবার সন্ধ্যায় বসেছিল বলিউডের ‘অস্কার’খ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৫৯তম আসর। সেরা ছবিসহ ছয় বিভাগে পুরস্কার জিতে এ আসর মাত করেছে রাকেশ ওম প্রকাশ মেহরার ‘ভাগ মিলখা ভাগ’। সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ফারহান আখতার। রাম-লীলার তারকা দীপিকা পাডুকোন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
২০১৩ সালে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিও কি রাস লীলা : রাম-লীলা’র মতো একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন দীপিকা। তার স্বীকৃতি পেতে শুরু করেছেন তিনি। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ ছবিতে লীলা চরিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ বছর ফিল্মফেয়ারের মতো ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন দীপিকা। ২০০৮ সালে ‘ওম শান্তি ওম’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেলেও এবারই প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুললেন তিনি।
সেরা ছবি ‘ভাগ মিলখা ভাগ’। আর এ ছবির নাম ভ‚মিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরেছেন নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার। একই ছবির জন্য সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার অর্জন করেছেন রাকেশ ওম প্রকাশ মেহরা। ছবির ‘জিন্দা’ গানের কথা লিখে সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন প্রসূণ যোশি। সেরা কস্টিউম ও সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কারও এ ছবির।
সেরা নবাগত অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ধানুস (রানঝানা) এবং বাণী কাপুর (শুদ্ধ দেশি রোমান্স)। ‘দ্য লাঞ্চবক্স’ ছবির জন্য সেরা নবাগত চলচ্চিত্র পরিচালকের পুরস্কার দেয়া হয়েছে রিতেশ বাত্রাকে।
সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছেন যথাক্রমে নওয়াজউদ্দিন সিদ্দিকী (দ্য লাঞ্চবক্স) এবং সুপ্রিয়া পাঠক (রাম-লীলা)। ‘কাই পো চে’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হয়েছেন চেতন ভগত, অভিষেক কাপুর, সুপ্রতীক সেন এবং পুবালি চৌধুরী।
সমালোচক পুরস্কার বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘দ্য লাঞ্চবক্স’। আর সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন যথাক্রমে রাজকুমার রাও (শহীদ) এবং শিল্পা শুক্লা (বিএ পাস)। শাহরুখ খান ও দীপিকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির অভাবনীয় সাফল্যের কারণে সনি ট্রেন্ডসেটার অব দ্য ইয়ার পুরস্কারে ভ‚ষিত করা হয়েছে ছবিটিকে।
‘লুটেরা’ ছবির ‘সাওয়ার লু’ গানে কণ্ঠ দিয়ে সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন মোনালি ঠাকুর। আর ‘আশিকি-২’ ছবির ‘তুম হি হো’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার ঝুলিতে ভরেছেন বাঙালি গায়ক অরিজিত সিং। একই ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন জিত গাঙ্গুলি, মিথুন ও অংকিত তিওয়ারি। এ ছাড়া আরডি বর্মণ পুরস্কারে ভ‚ষিত হয়েছেন সিদ্ধার্থ মহাদেবান।
সেরা গল্পের পুরস্কার জিতেছেন সুভাষ কাপুর (জলি এলএলবি), সেরা সংলাপের পুরস্কারও তার। লহু মু লাগ গেয়া (রাম লীলা) গানের জন্য সেরা কোরিওগ্রাফির পুরস্কার কেড়ে নিয়েছেন সমীর ও অরুশ তন্না। বছরের আরেকটি আলোচিত ছবি মাদ্রাজ ক্যাফে জিতেছে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার। ধুম থ্রির জন্য সেরা ভিজুয়াল ইফেক্টস পুরস্কার জিতেছেন টাটা এলেক্সিস। বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর পুরস্কার হিতেশ সোনিকের (কাই পো চে)। আর সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছে ডি-ডে। অনুষ্ঠানে আজীবন সম্মাননার পুরস্কার তুলে দেয়া হয়েছে প্রবীণ অভিনেত্রী তনুজার হাতে।
এবারের আসর উপস্থাপনা করেছেন গতবারের সেরা অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

[b]ঢাকা: ( ২৬ জানুয়ারি টাইমনিউজবিডি.কম ) // ই এইচ[/b]