গত বছর শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব না হলেও এবার আর হতাশ করা হবে না শিলিগুড়ির বাসিন্দাদের।সরকারি স্তরে পৃষ্ঠপোষকতার অভাবেই করা যায়নি বলে উদ্যোগীদের একাংশ জানান। তবে এ বার উৎসব হচ্ছে।

আগামীকাল ১৯ নভেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে ১৫ তম আন্তর্জাতিক শিলিগুড়ি চলচ্চিত্র উৎসব। স্থানীয় দীনবন্ধু মঞ্চে উৎসব চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানান উৎসবের প্রধান পৃষ্ঠপোষক গৌতম দেব।

এ উৎসবের উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘খাদ’ ছবি দিয়েই উৎসবের সূচনা হবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও প্রধান পৃষ্ঠপোষক বলেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে শিলিগুড়িতে এই উৎসব হচ্ছে।

শিলিগুড়ি সিনে সোসাইটির সঙ্গে রাজ্য সরকারের তথ্য ও সংষ্কৃতি বিভাগ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করছে।

বাংলার পাশাপাশি বিদেশী ছবিও থাকবে কিন্তু ভারতীয় অন্য ভাষার কোন ছবি থাকবে না বলে জানানো হয়েছে।

উদ্যোক্তারা জানান, এবারের উৎসবে মোট ১১ টি দেশের ১৭ টি ছবি দেখানো হবে। উৎসবে মোট তিনটি বাংলা ছবি দেখানো হবে। খাদ ছাড়া 'গোগোল' এবং 'আমার আমি' রয়েছে তালিকায়।

এছাড়া তাইওয়ান, ইরান, ইরাক, মায়ানমার, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, মেক্সিকো, ফিনল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামের ছবি রয়েছে।

ইআর