ছোট নবাবের সঙ্গে প্রেম করার সুযোগ অবশেষে পেয়েই গেলেন পারিনিতি। তবে বাস্তবে নয় পর্দায়। নাম ঠিক না হওয়া এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনাও করছেন সাইফ। সাইফের বিপরীতে পারিনিতিকে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন বেগম নিজেই। স্বতঃস্ফূর্ত অভিনয় ক্ষমতার কারনে এই চরিত্রের জন্য তাকে যোগ্য ভেবেছেন কারিনা।

রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমার কাহিনি গড়ে উঠবে দুজন মানুষকে নিয়ে, যাদের মধ্যে কোন মিল নেই। অদ্ভুত এক পরিস্থিতিতে একে অপরের প্রেমে পড়ে যান তারা।

অল্প সময়ের ক্যারিয়ারে এখন পর্যন্ত শুধুমাত্র নতুন নায়কদের সঙ্গেই কাজ করেছেন পারিনিতি। এটি হবে কোন বলিউডি ‘খান’ এর সঙ্গে করা তার প্রথম কাজ।

‘লাভ আজ কাল’ খ্যাত তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে হাতে যেন আকাশের চাঁদ পেয়েছেন ‘ইশাকজাদে’র এই জুলিয়েট।

“আমি অনেক বছর ধরেই সাইফ আলি খানের ভক্ত। তার প্রতি আমার দুর্বলতা একটু বেশিই। এখন পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না আমি সত্যিই তার সঙ্গে সিনেমায় কাজ করব।”

 সেই সঙ্গে প্রথমবারের মত কোনো খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উত্তেজিত এই ২৫ বছর বয়সী অভিনেত্রী।

“এতদিন আমি শুধুমাত্র নতুন নায়কদের সঙ্গে কাজ করেছি। রানভির সিং থেকে শুরু করে আদিত্য রয় কাপুর, সবার সঙ্গেই কাজ করা হয়েছে। কিন্তু কোন তারকা খানের সঙ্গে এই প্রথম অভিনয় করব আমি। আশা করছি আগামীতে এরকম আরও সুযোগ আসবে।”

ঢাকা, ১৫  জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই