এখনকার ছোট ছোট ছেলেমেয়েরা কতটা চাচা চৌধুরি ভক্ত জানা নেই। তবে ৮০-৯০ দশকে চাচা চৌধুরি ছিলেন ছোটদের নেশা। চাচা চৌধুরি, সাবু, রকেট চরিত্রগুলো বেশ জনপ্রিয় ছিল তাদের কাছে। কিন্তু চাচা চৌধুরির পিছনে আসল মানুষটা কিন্তু পর্দার পিছনেই থাকতে ভালবাসতেন।
তিনি ছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট প্রাণ কুমার শর্মা। ৭৬ তম জন্মদিনের কয়েকদিন আগেই বুধবার পৃথিবী ছেড়ে চলে গেলেন চাচা চৌধুরির স্রষ্টা। রয়ে গেল শুধু তাঁর সৃষ্টি করা চরিত্র, চাচা চৌধুরি, শ্রীমতিজি, পিঙ্কি, বিল্লু,রমন প্রমুখরা।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, প্রাণ কুমার শর্মা বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এরপর ভারতে গুরগাঁওয়ের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছিল। প্রখ্যাত এই কার্টুনিস্টের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।
দ্য ওয়ার্ল্ড এনসাইক্লোপেডিয়া অব কমিকসে তাকে ভারতের ওয়াল্ট ডিজনি হিসেবে অভিহিত করা হয়েছে।
১৯৩৮ সালের ১৫ অগস্ট কাসুর নামের একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন প্রাণ শর্মা। কাসুর বর্তমানে পাকিস্তানে। এমএ পাস করে স্যার জেজে স্কুল অফ আর্টস (মুম্বই) থেকে ফাইন আর্টস নিয়ে ৪ বছর পড়াশোনা করেন তিনি।
১৯৬০ সালে কার্টুনিস্ট হিসাবে জীবন শুরু করেন প্রাণ। ১৯৬৯ সালে চাচা চৌধুরির স্কেচ করতে শুরু করেন তিনি। হিন্দি ম্যাগাজি লোটপোট-এ প্রথম তাঁর চাচা চৌধুরির সিরিজ প্রকাশিত হয়, যা থাকে খ্যাতি এনে দিয়েছিল।
"চিত্রকলায় দৃশ্য আছে, শব্দ নেই, সাহিত্যে শব্দ আছে, দৃশ্য নেই। কমিক্স দৃশ্য ও শব্দের অপূর্ব মেলবন্ধন। আর সেই কারণেই তার এত জনপ্রিয়তা"- জানিয়েছিলেন শিশুমনের আলোড়ন তোলা প্রখ্যাত কার্টুনিস্ট প্রাণ সাহেব।
২০০১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কার্টুনিস্ট-এ পক্ষ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পেয়েছিলেন এই কিংবদন্তী কার্টুনিস্ট। কমিক্সকে ভারতে জনপ্রিয় করে তোলার জন্য ১৯৯৫ সালে লিমকা বুক অফ রেকর্ডে নাম উঠেছিল তাঁর।
হতে পারে চাচা চৌধুরি চেহারের সুপার হিরো নন, কিন্তু বুদ্ধিতে কম্পিউটারকেও হার মানাত চাচাজি।
কিন্তু আসলে সেই কম্পিউটারের বুদ্ধির গোড়া ছিল প্রাণ সাহেবই। চাচা চৌধুরি কমিক্স জগতে আলোড়ন ফেলে দিয়েছিল। সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যানকে একেবারে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন চাচা চৌধুরি ও সাবু।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





